২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টারিকায়ও শক্তিশালী ভূমিকম্প

ইরান-ইরাকের পাশাপাশি দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকায়ও শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 11:25 AM

Updated : 12 Apr 2022, 12:43 AM

রোববার রাতে দেশটির রাজধানী সান হোসের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সান হোসের ৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। সংস্থাটির প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ বলে জানানো হয়েছিল।

প্রাথমিকভাবে হতাহতের বা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। 

কোস্টরিকার প্রেসিডেন্ট লুয়িস গুয়িলেরমো সোলিস জানিয়েছেন, কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে এবং শান্ত থাকার জন্য ওই এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের সম্ভাব্য পরাঘাতের জন্য তাদের প্রস্তুত থাকার বিষয়েও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, খুব অল্প সময়ের জন্য সান হোসে ভূমিকম্পটি অনুভূত হলেও বাসিন্দাদের আতঙ্কিত করতে তাই যথেষ্ট ছিল।  

সান হোসের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অটো ভার্গাস বলেছেন, “আমরা খুব ভয় পেয়েছিলাম। অনেকদিন ধরে এরকম শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি।”  

ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কোস্টারিকার জনপ্রিয় সৈকত শহর জাকোর নিকটবর্তী গ্রামীণ এলাকায়। ওই এলাকায় অল্প কয়েকটি উঁচু ভবন রয়েছে।

ভূমিকম্পটির কারণে প্রশান্ত মহাসাগরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

কোস্টারিকার প্রতিবেশী দেশ এল সালভাদর ও পানামায়ও ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।