বিশ্বকে উ. কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশকে উত্তর কোরিয়ার দুর্বৃত্ত শাসকগোষ্ঠীকে অস্ত্র, অর্থ দেওয়া বন্ধ করাসহ বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।
তবে চীনকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরার ব্যাপারে আরও বেশিকিছু করতে হবে বলেও ট্রাম্প দাবি করেছেন।
চীন সফরকালে গ্রেট হলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ক্রমবর্ধমান সংকট সমাধানে যেসব পদক্ষেপ ব্যর্থ হয়েছে সে ধরনের পদক্ষেপ আবারো না নেওয়ার ব্যাপারে তিনি এবং শি একমত হয়েছেন।
কোরীয় উপদ্বীপের শান্তি বজায় রাখতে জাতিসংঘের অবরোধ পূর্ণ কার্যকরে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করতেও একমত হয়েছে।
ট্রাম্প বলেছেন, চীন চাইলে উত্তর কোরিয়া সমস্যার দ্রুত ও সহজ সমাধান করতে পারে। এ বিষয়ে বেইজিং সাধ্য অনুযায়ী সব করছে বলে দাবি করে আসলেও ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে ‘আরও বেশি কিছু’ করার অনুরোধ জানান।
একইসঙ্গে গোটা সভ্য দুনিয়াকে উত্তর কোরিয়া হুমকি মোকাবেলায় একজোট হতেই হবে বলে ট্রা্প মন্তব্য করেন।
তিনি বলেন, “যারা আমাদের সভ্যতায় হুমকি হয়ে আছে, প্রয়োজনবোধে তাদের বিরুদ্ধে আমরা অন্যদের সঙ্গে যতক্ষণ এক হয়ে থাকব, সেই হুমকি আর কখনও থাকবে না। হুমকি বাস্তব হয়ে দেখা দেওয়ার সুযোগই থাকবে না।”
সবাই একজোট হয়ে পদক্ষেপ নিলে শেষপর্যন্ত কোরিয়া উপদ্বীপ অঞ্চলকে হুমকিমুক্ত করা এবং বিশ্বকে মারাত্মক একটি পারমাণবিক হুমকি থেকে মুক্ত করার জন্য যথেষ্ট শক্তি পাওয়া যাবে বলেও ট্রাম্প মন্তব্য করেন।
