দুর্নীতিদমন অভিযানে সৌদি আরবে আরও অনেকে গ্রেপ্তার
সৌদি আরব কর্তৃপক্ষ দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে উচ্চ ও নিম্নপদস্থ আরও কয়েকজনকে গ্রেপ্তার করাসহ কয়েকটি ব্যাংক একাউন্ট জব্দ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ খবর দিয়েছে।
গত শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে নতুন একটি দুর্নীতি দমন কমিটি গঠন করা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রী এবং ডজনখানেক সাবেক মন্ত্রীকে আটক করা হয়। পাশাপাশি দুজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়, যাদের মধ্যে সৌদি রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন।
বুধবার এ দমনাভিযানের আওতায় অপকর্মের অভিযোগে আটক হয়েছেন আরও কয়েকজন। সদ্য আটক হওয়াদের মধ্যে প্রয়াত ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন। এছাড়াও আছেন নিম্নপদস্থ কর্মকর্তা ও ম্যানেজাররা।
অন্য আরও অনেকের ওপরই নজরদারি চলছে। তাদেরকে টেলিফোনে অর্থ সংক্রান্ত ব্যাপারে নানা জেরা করছেন তদন্তকারীরা। দমনাভিযানের আওতায় গ্রেপ্তারের সংখ্যা কয়েকশ’তে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। জব্দ হওয়া ব্যাংক একাউন্টের সংখ্যা এরই মধ্যে ১৭শ’ ছাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়ছে।
সৌদি বাদশাহ সালমান এক ডিক্রির মাধ্যমে যুবরাজের নেতৃত্বে নতুন দুর্নীতি দমন কমিটি গঠনের ঘোষণা দেওয়ার পরপরইিএকের পর এক গ্রেপ্তারের খবর আসছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ধারণা, এর মাধ্যমে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রভাব আরও সুসংহত করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে এরই মধ্যে অর্থপাচার, ঘুষ, চাঁদাবাজি এবং নিজেদের সুবিধার জন্য সরকারি কর্মকর্তাদের ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভ্যন্তরীণ বিভিন্ন ব্যাংকের ১৭শ’র বেশি একাউন্ট জব্দ হয়েছে।
ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, ওই সব একাউন্টের মধ্যে বেশিরভাগেরই সাবেক যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সুলতান বিন আব্দুলাজিজের পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ভাবে সম্পর্ক আছে।
২০১১ সালে অজ্ঞাত রোগে ভুগে মারা যান আব্দুলাজিজ।
