২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবেকে কটূক্তিতে মার্কিন তরুণী গ্রেপ্তার

সরকার বিরোধী পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক তরুণীকে গ্রেপ্তার করেছে জিম্বাবুয়ে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2017, 09:14 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

দোষীসাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুলিশ আগে মার্থা ও’ডোনোভানের বিরুদ্ধে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে (৯৩) সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ এনেছিল। পরে মুগাবা সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে- এই অভিযোগ আনা হয়।

মাগামবা টেলিভিশনের কর্মী মার্থাকে শুক্রবার তার হারারের বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে জানান তার আইনজীবী ওবে শাভা।

মার্থার কম্পিউটার, মোবাইল এবং বাড়িতে থাকা অন্যান্য ইলেক্ট্রোনিক যন্ত্রপাতিও জব্দ করেছে পুলিশ।

তার মক্কেল উভয় অভিযোগই অস্বীকার করেছেন এবং শনিবার মার্থাকে আদালতে হাজির করা হতে পারে বলেও জানান শাভা। 

পুলিশের অভিযোগ পত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত মাসে টুইটারে ‍মুগাবেকে ‘স্বার্থপর’ এবং ‘অসুস্থ মানুষ’ বলেছিলেন মার্থা। যার ভিত্তিতে প্রথমে প্রেসিডেন্টের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছিল।

এই অভিযোগের শাস্তি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বলে জানান মার্থার আইনজীবী।

গত মাসে জিম্বাবুয়েতে সাইবার নিরাপত্তা মন্ত্রণালয় গঠন করা হয়, যার অধীনে এটাই প্রথম গ্রেপ্তারের ঘটনা বলে জানায় রয়টার্স।

হারারেতে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়, তাদের এক নাগরিক গ্রেপ্তার হওয়ার খবর তারা নিশ্চিত হয়েছে এবং বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।