২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের শেষ ঘাঁটি সিরিয়ার সেনাবাহিনীর দখলে

সিরিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি দেইর আল-জোর শহরের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থিত সরকারি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 04:06 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সরকারি বাহিনী শহরটিকে সন্ত্রাসী মুক্ত করেছে।

যুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলোও বলছে, দেইর আল-জোরের যেসব পকেট থেকে আইএস যোদ্ধারা এতদিন ধরে আসাদবাহিনী ও তার মিত্রদের প্রতিরোধ করে আসছিল, সেসব পকেট সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

ইরাক সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরের অধিকাংশই ২০১৪ সাল থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছে বিবিসি।

সিরিয়ান টেলিভিশনের আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছিল, কয়েক সপ্তাহ যুদ্ধের পর আসাদবাহিনী দেইর আল-জোরে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় যোদ্ধারা আইএসকে তাদের ‘খিলাফতের রাজধানী’ রাক্কা থেকে বিতাড়িত করেছিল।

এরপর থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও সরকারি বাহিনী একসঙ্গে জঙ্গিদের কাছ থেকে দেইর আল-জোরের নিয়ন্ত্রণ নিতে আক্রমণ চালিয়ে যায়।

আসাদ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীকে লেবাননের হিজবুল্লাহ গেরিলা এবং রাশিয়া বিমান হামলা চালিয়ে সাহায্য করে আসছে।

বিবিসি জানিয়েছে, শহরটির কিছু এলাকায় এখন রাশিয়া সমর্থিত সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ এর সদস্যরা মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকেও ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে আইএস; ইরাকি সৈন্যরা এখন ইউফ্রেতিস নদীর তীর ঘেঁষে জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর দিকে অগ্রসর হচ্ছে।