উ. কোরিয়ার সঙ্গে ‘সরাসরি কূটনীতি’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহ সত্ত্বেও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কূটনীতি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
ট্রাম্প প্রকাশ্যেই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকে অযথা সময় নষ্ট বলে মন্তব্য করেছিলেন। নিউ ইয়র্ক চ্যানেলের মাধ্যমে উত্তর কোরিয়ার মার্কিন আলোচক জোসেফ উনের সঙ্গে পিয়ংইয়ংয়ের ইউনাইটেড মিশনের কূটনীতিকদের যোগাযোগ আছে বলে জানান ওই কর্মকর্তা।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বাকযুদ্ধ থেকে দুপক্ষে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ার মাঝে সরাসরি কূটনীতি চলার এ খবর পাওয়া গেল।
এর আগে ১৭ অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছিলেন, তিনি প্রথম বোমাটি না পড়া পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতি চালিয়ে যাবেন।
আর এখন মার্কিন পররাষ্ট্রবিভাগের ওই কর্মকর্তার কথায় এটি স্পষ্ট হয়েছে যে, ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন বলে উড়িয়ে দিলেও যুক্তরাষ্ট্র সরাসরি দেশটির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে।
