এক বছর পর সমাহিত হচ্ছেন থাই রাজা ভূমিবল
বছরব্যাপী শোক শেষে এবার প্রিয় রাজা ভূমিবল আদুলিয়াদেজকে শেষ বিদায় জানাচ্ছে থাইল্যান্ডবাসী।
এ উপলক্ষে আয়োজিত পাঁচ দিনের শেষকৃত্যের মূল অনুষ্ঠান বৃহস্পতিবার পালিত হয়েছে রাজভবন গ্রান্ড প্যালেসে। সেখানে জড়ো হয় লাখ লাখ মানুষ।
আশেপাশের ভবনগুলোকে গাঁদা ফুলে মুড়ে সাজানো হয়। রাজাকে সম্মান জানাতে শোকের কালো পোশাকে সজ্জিত হয় জনতা।
গত বছর ১৩ অক্টোবরে ৮৮ বছর বয়সে মারা যান ভূমিবল। এরপর রাজবংশের নিয়মানুযায়ী, রাজার শেষকৃত্যানুষ্ঠানের জন্য প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে।
থাই শাসন ব্যবস্থায় রাজবংশের ভূমিকা না থাকলেও রাজা ভূমিবল থাই জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। থাইল্যান্ডের যে কোনও সংকটে রাজা ভূমিবলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে।
মৃত্যুর পর থেকে এতদিন প্রাসাদেই শায়িত রাখা হয়েছিল রাজা ভূমিবলের দেহ। বুধবার রাত থেকেই তার লাশ সমাধিস্থলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
বৃহস্পতিবারের শেষকৃত্যানুষ্ঠানে বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্ণই মূল ভূমিকা পালন করেন। ছেলেমেয়ে নিয়ে ভাজিরালংকর্ণ এদিন লাল ইউনিফর্ম পরে বাবার শেষকৃত্যে উপস্থিত হন।
আনুষ্ঠানিকতা শেষের পরই সমাহিত করা হবে বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে অধিষ্ঠিত থাকা রাজা ভূমিবলকে।
তার শবাধারকে একটি বিশেষ রথে করে এরই মধ্যে নিয়ে যাওয়া হয়েছে সমাধিস্থলে, ড্রামসহ প্রাচীনকালের বাঁশী বাজিয়ে আর তোপধ্বনির মধ্য দিয়ে। সন্ধ্যায় আনুষ্ঠানিকতা শুরুর আগে বৃহস্পতিবার বিকালেই সমাধিস্থলে পৌঁছেছে রাজার শবাধার।
রাজাকে সমাহিত করার আগে কয়েকবার সমাধিস্থল প্রদক্ষিণ করার কথা রয়েছে। বাবা ভূমিবলের চিতায় আগুন দেবেন ছেলে ও উত্তরসূরি মাহা ভাজিরালংকর্ণ।
শুক্রবার ভূমিবলের দেহভস্ম সংগ্রহ করে তা প্রাসাদে নিয়ে যাওয়া হবে। এরপর আরও দুদিন ধরে চলবে আনুষ্ঠানিকতা।
শেষকৃত্যানুষ্ঠানে রাজবংশের সদস্যরা ছাড়া ৪০টি’রও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বুধবার বৌদ্ধ ধর্মের নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে শেষকৃত্য শুরু করা হয় গ্র্যান্ড প্যালেসে।
বৃহস্পতিবার শবযাত্রার আগে রাজভবনে বৌদ্ধ রীতিতে আরও কিছু আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে। দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে থাই প্রশাসন। ব্যবসায়ীরাও জানিয়ে দিয়েছেন, তারা এ দিন দোকান বন্ধ রাখবেন, কোনও ক্রয়-বিক্রয় হবে না।
কর্মকর্তারা বলছেন, সমাধিস্থলে জড়ো হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ। আর এর আশেপাশের এলাকায় জড়ো হয়েছে আরও প্রায় ২ লাখ মানুষ। ভূমিবলকে সমাহিত করার আনুষ্ঠানিকতায় খরচ হচ্ছে প্রায় ৯ কোটি মার্কিন ডলার।
