কাবুলে ট্রাক বোমা হামলা পরিকল্পনা নস্যাৎ
কাবুলে একটি ট্রাক বোমা হামলা পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে আফগানিস্তান পুলিশ।
বিবিসি জানায়, শনিবারের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জব্দ করা ট্রাকটিতে টমেটো ভর্তি বাক্সের নিচে প্রায় তিন টন বিস্ফোরক এবং দুইটি বোমা লুকানো ছিল।
“একটি চেকপোস্টে পুলিশ ট্রাকটি থামানোর নির্দেশ দিলে চালক তা অমান্য করে, তাকে থামাতে পুলিশ গুলি চালালে সে আহত হয়।”
গত মে মাসে কাবুলে একটি ট্রাক বোমা হামলায় দেড়শতাধিক মানুষ নিহত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ট্রাকটিতে হলুদ ও কমলা রঙের ৩০টি প্লাস্টিক কন্টেইনার ভর্তি বিস্ফোরক দ্রব্য ছিল। এছাড়া, প্রতিটি প্রায় ১০০ ওজনের দুইটি বোমাও পাওয়া গেছে।
ছবিতে বিস্ফোরক ভর্তি কন্টেইনারগুলো ইলেক্ট্রিক তার দিয়ে একটি অন্যটির সঙ্গে বাঁধা দেখা যায়। সেগুলোর পেছনে এবং ট্রাকটির সামনে মাথায় ও হাতে ব্যান্ডেজ বাঁধা এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ হামলা পরিকল্পনা কারা করেছে তা এখনও জানা যায়নি। তবে আফগান সরকার হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছে।
