তালেবান আমার মেয়েকে হত্যা ও স্ত্রীকে ধর্ষণ করেছে: বয়েল
তালেবানের হাতে জিম্মি অবস্থায় তার নবজাত কন্যাকে হত্যা করা হয় এবং তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন কানাডার নাগরিক জোশুয়া বয়েল।
২০১২ সালে আফগানিস্তান ভ্রমণের সময় বয়েল এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক কেইটলান কোলম্যানকে জিম্মি করে তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ক। ওই সময় অন্তঃস্বত্তা কোলম্যান তাদের প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন।
যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সেনাবাহিনীর যৌথ তৎপরতায় এ সপ্তাহে আফগান সীমান্ত থেকে এই পরিবারটিকে উদ্ধার করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আফগান সীমান্তের কাছ থেকে বয়েল ও তার পরিবারকে উদ্ধার করা হয়।
“মার্কিন বাহিনী আগে থেকেই ওই পরিবারের গতিবিধি নজরে রাখছিল। তারাই জানায় জোশুয়া ও কোলম্যান দম্পতিকে ১১ অক্টোবর পাকিস্তানের কুররাম ট্রাইবাল জেলায় সরিয়ে নেওয়া হচ্ছে। পরে সেখান থেকেই পাকিস্তানি বাহিনী তাদের উদ্ধার করে।”
শুক্রবার স্ত্রী ও তিন সন্তান নিয়ে কানাডা পৌঁছান বয়েল। টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বয়েল সাংবাদিকদের সামনে একটি লিখিত বিবৃতি পড়েন।
বয়েল তার শিশু কন্যাকে হত্যা ও স্ত্রী ধর্ষণের শিকার হওয়ার কথাও বলেন, “হাক্কানি নেটওয়ার্ক থেকে আমাকে দেওয়া প্রস্তাব বার বার প্রত্যাখ্যান করায় তারা আমার উপর প্রতিশোধ নেয়।
“একজন আগন্তুককে অপহরণের মাধ্যমে হাক্কানি নেটওয়ার্ক বোকামি ও শয়তানের পরিচয় দিয়েছে...আমার নবজাতক কন্যাকে হত্যার অনুমতি দিয়ে তারা কেবলমাত্র অন্ধকারেই ডুবে গিয়েছিল।
“পরবর্তীতে আমার স্ত্রীকে ধর্ষণ করে তারা আবারও মূঢ়তা ও শয়তানের পরিচয় দিয়েছে।”
যদিও আগন্তুক, হত্যা বা ধর্ষণ শব্দগুলো ব্যবহার করে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তার স্পষ্ট ব্যাখ্যা দেননি।
সেখানে সাংবাদিকদের তাকে কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।
পরিবার নিয়ে পাকিস্তান থেকে লন্ডন হয়ে টরেন্টো পৌঁছান বয়েল।
কানাডা সরকার পক্ষ থেকে বয়েল পরিবারের গোপনীয়তার প্রতি সবাইকে সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
অপরহরণের আগে বয়েল এক নারীকে বিয়ে করেছিলেন। গুয়ান্তানামো বে কারাগারে বন্দি ওমর খাদরের বোন ওই নারী উগ্র ইসলামী ধ্যানধারণা পোষণ করতেন বলে ধারণা করা হয়।
এই কারণে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে হবে ভয় পেয়ে বয়েল মার্কিন কর্মকর্তাদের প্রস্তাবে রাজি হননি বলে ধারণা সিএনএনের।
যদিও বয়েল এই অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়ি ফিরতে পারবেন এমন কোনো প্রস্তাব তিনি কখনোই ফিরিয়ে দেননি।
অন্তঃস্বত্তা স্ত্রীকে নিয়ে কেন আগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত এমন ‘ভয়ঙ্কর’ এলাকায় গিয়েছিলেন এমন প্রশ্নের জাবাবে বয়েল বলেন, তালেবান নিয়ন্ত্রিত ওই সব আফগান গ্রামগুলোর বাসিন্দাদের তারা সাহায্য করতে চেয়েছিলেন যেখানে ‘কোনো এনজিও, ত্রাণকর্মী বা কোনো সরকার’ পৌঁছাতে পারে না।
