ইইউয়ের মধ্যস্থতাকারীদের ‘শত্রু’ বললেন ব্রিটিশ মন্ত্রী
ব্রেক্সিট নিয়ে দরকষাকষিতে লিপ্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতাকারীদের ‘শত্রু’ আখ্যায়িত করে পরে দুঃখপ্রকাশ করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
শুক্রবার টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মধ্যস্থতাকারীদের ‘প্রতিপক্ষ’ হিসেবেও অভিহিত করেন হ্যামন্ড; বলেন, তাদের উচিত ‘বড়দের মত আচরণ করা’।
বিবিসি বলছে, চ্যান্সেলরের করা ওই মন্তব্য যুক্তরাজ্যজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। এরপরই টুইটারে ভুল স্বীকার করে ‘শব্দ চয়নের ক্ষেত্রে তার ভুল ছিল’ বলে দাবি করেন হ্যামন্ড।
“আমি আসলে বলতে চেয়েছি, দেশে আমরা সবাই এই ব্যাপারে এক। ভুল শব্দ চয়নের জন্য অনুশোচনা হচ্ছে।”
ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের এক বৈঠকে অংশ নিতে হ্যামন্ড এখন ওয়াশিংটনে আছেন; সেখানেই স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কনজারভেটিভ দলের এই প্রভাবশালী নেতা বলেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া যুক্তরাজ্যের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে।
“দলের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে,আমদের সবারই পথ এক। টেবিলের উল্টোদিকে আছে শত্রু ও প্রতিপক্ষরা। এদের সঙ্গেই আমাদের দরকষাকষি করতে হচ্ছে ব্রিটেনের জন্য একটি ভালো চুক্তির লক্ষ্যে।”
হ্যামন্ডের এই মন্তব্যের তীব্র সমালোচনা চলছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে। শ্যাডো চ্যান্সেলর জন ম্যাককনেল একে ‘ব্যর্থ হতে যাওয়া সরকারের নিস্ক্রিয় অবস্থান’ বলে ভর্ৎসনা করেছেন।
“আমাদের অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষিত করতে ইউরোপীয় ইউনিয়নকে অপমান করা কোনো পথ হতে পারে না,” বলেন তিনি।
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যামন্ড আরও বলেন, তিনি বাস্তববাদী, এবং এ কারণেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাজ্যের অর্থনীতিকে ‘সুরক্ষিত ও প্রস্তুত’ করতে চান।
এর আগে পার্লামেন্ট সদস্যদের ট্রেজারি কমিটিতে দেওয়া এক বক্তব্যেও চ্যান্সেলর বলেছিলেন, ব্রেক্সিট দরকষাকষির ফল নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা যুক্তরাজ্যের অর্থনীতিতে ভয়াবহ ক্ষত সৃষ্টি করতে পারে।
কনজারভেটিভ দলের সাবেক চ্যান্সেলর নাইজেল লসন ইউরোপীয় মধ্যস্থতাকারী ও যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে করা হ্যামন্ডের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেছেন, এই বক্তব্যর জন্য চ্যান্সেলরকে বরখাস্ত করা উচিত।
“তিনি যা করছেন তা নাশকতার কাছাকাছি,” বলেন লসন।
শুক্রবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যামন্ড যুক্তরাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদও ব্যক্ত করেন।
“যুক্তরাজ্যের সামনের ভবিষ্যৎ উজ্জ্বল; যদিও ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে দরকষাকষি ব্যবসাবাণিজ্যের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করেছে।”
ব্রেক্সিট বিষয়ে ইতালির ফ্লোরেন্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’র দেওয়া পরিকল্পনার পেছনে টোরি মন্ত্রীসভা ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন চ্যান্সেলর।
“আমরা আমাদের পরিকল্পনার বিষয়ে জানি। আলোচনার টেবিলে আমরা সেটি কার্যকরভাবে উত্থাপনও করেছি। ইউরোপীয় ইউনিয়ন এর সঙ্গে সম্পৃক্ত হোক তাও আমরা চাই, কিন্তু তার আগে তাদেরকে বড়দের মতো আচরণ করতে হবে।”
নতুন করে ব্রেক্সিট নিয়ে গণভোট হলে কোন পক্ষে ভোট দেবেন, এমন প্রশ্নেরও সরাসরি কোনো উত্তর দেননি তিনি।
“আমরা গণভোটের রায় পেয়েছি। সেখানে আমার অবস্থান কি ছিল, তা আপনারা জানেন,” বলেন হ্যামন্ড।
