বার্সেলোনায় স্পেনের একতার পক্ষে বিশাল সমাবেশ
কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনায় স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার বিরোধিতা করে দেশের ঐক্যের পক্ষে সমাবেশ করেছে অন্তত ৩ লাখ ৫০ হাজার মানুষ।
তারা স্পেন ও কাতালুনিয়ার পতাকা উড়িয়েছে। অনেকের হাতেই ছিল ব্যানার, তাতে লেখা, “একসঙ্গে আমরা অনেক বেশি শক্তিশালী” আর “কাতালুনিয়াই হচ্ছে স্পেন।”
কাতালান নেতারা আগামী সপ্তাহেই স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করবেন এমন জল্পনার মধ্যে কাতালুনিয়ায় এটিই সবচেয়ে বড় সমাবেশ।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় সতর্ক করে বলেছেন, আইনগতভাবে কাতালুনিয়ার স্বাধীনতা রুখতে কোনও পদক্ষেপই তিনি নাকচ করবেন না।
শনিবার রাখয় বলেন, কাতালুনিয়া স্বাধীনতা দাবি করলে স্পেন কাতালান সরকারকে অপসারণ করে নতুন করে নির্বাচন ডাকতে পারে এমনকি ওই অঞ্চলের বিদ্যমান সায়ত্ত্বশাসনও কেড়ে নিতে পারে।
কাতালান নেতা কার্লেস পুজদেমন মঙ্গলবারের পার্লামেন্ট অধিবেশনে একতরফাভাবে স্বাধীনতার ঘোষণার ইঙ্গিত দেওয়ার পর স্পেনের প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
এ পরিস্থিতিতেই কাতালানরা বড় ধরনের এ সমাবেশ করল। বার্সেলোনার পুলিশ রোববারের সমাবেশে যোগ দেওয়া মানুষের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার বলে জানিয়েছে। তবে সমাবেশের আয়োজকরা এ সংখ্যা ৯ লাখ ৫০ হাজার বলছেন।
সমাবেশে আসা একজন রয়টার্সকে বলেন, “আমরা কাতালান এবং স্প্যানিশ দুটোই অনুভব করতে পারি।”
“আমরা এখন চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি। এ সপ্তাহে কি ঘটে আমরা দেখব। কিন্তু আমরা কি চাই সেটা তাদেরকে জানানোর জন্যও আমাদেরকে জোর গলায় আওয়াজ তুলতে হবে।”
বার্সেলোনার আগে শনিবারও স্পেনজুড়ে দেশের ঐক্যের পক্ষে মিছিল-সমাবেশ হয়েছে।
