২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিকে টাগবোট থেকে বিপুল কোকেন উদ্ধার

আটলান্টিক মহাসাগরে একটি টাগবোট থেকে প্রায় চার টন কোকেন জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 11:06 PM

Updated : 12 Apr 2022, 12:28 AM

পর্তুগালের একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, পর্তুগালের মাদেরিয়া ও আজোরেস দ্বীপপুঞ্জের মাঝামাঝিতে (আজোরেস থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণে) ওই টাগবোটটির সন্ধান মেলে।

টাগবোটে কোকেন ভর্তি ১৬৫টি প্যাকেট খুঁজে পাওয়া যায়, প্রতিটির ওজন ২৩ কেজি। সব মিলে যার ওজন দাঁড়ায় ৩ দশমিক ৭ টন। প্যাকেটগুলো জাহাজটির রন্ধনকক্ষের নিচে লুকানো ছিল।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেনের কাস্টমস ও পুলিশ এবং এনসিএ যৌথ অভিযান পরিচালনা করে এ কোকেন উদ্ধার করেছে।

তবে কোকেনের প্যাকেটগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিশ্চিত করতে পারেনি বিবিসি।

কমরোসের-পতাকাবাহী টাগবোটটি শুক্রবার স্পেনের একটি বন্দরে টেনে নিয়ে যাওয়া হয়। এটির ক্রুরা তুরস্ক ও আজারবাইজানের নাগরিক। তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এনসিএ মুখপাত্র মার্ক ব্ল্যাকওয়েল বলেন, “এত বিপুল পরিমাণ কোকেন আটক আন্তর্জাতিক অপরাধী চক্রের মধ্যে বড় ধরনের বিঘ্ন ঘটারই ইঙ্গিত দিচ্ছে।”

গত কয়েক মাসে আটলান্টিকে মাদকের আরও বড় দুইটি চালান ধরা পড়েছে।