স্পেন থেকে সোমবার স্বাধীনতা ঘোষণার পথে কাতালুনিয়া
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়া সোমবারই স্পেন থেকে আলাদা হতে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন অঞ্চলটির এক সরকারি কর্মকর্তা।
তিনি বলেন, “আঞ্চলিক পার্লামেন্টের নিয়ন্ত্রক স্বাধীনতাপন্থি দলগুলো ওইদিন স্বাধীনতা ঘোষণা করা নিয়ে একটি বিতর্ক ও ভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে।”
এ ভোটের পরই স্বাধীনতা ঘোষণা করা হবে। তবে সেটি ঠিক কোন সময়ে তা ষ্পষ্ট জানা যায়নি।
এর আগে কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে রোববারের গণভোটের পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে মঙ্গলবার বিবিসি’কে অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন বলেছিলেন, গণভোটের ফল গণনা শেষের পর তার সরকার পার্লামেন্টকে স্বাধীনতা ঘোষণা করার আহ্বান জানাবে।
তিনি বলেন, “এ সপ্তাহের শেষ নাগাদ বিদেশের সব ভোটের ফল পেয়ে গেলেই ভোট গণনা প্রক্রিয়া শেষ হবে এবং সে অনুযায়ী খুব সম্ভবত এ সপ্তাহ শেষে কিংবা আগামী সপ্তাহের শুরুতেই আমরা স্বাধীনতা ঘোষণার পদক্ষেপ নিতে পারব।”
কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্টের সর্বদলীয় কমিটি স্বাধীনতা ঘোষণা প্রশ্নে পার্লামেন্ট অধিবেশনের একটি দিন (সোমবার) নির্ধারণ করা নিয়ে বৈঠক করার পর বুধবারই কাতালান নেতার একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে গত মঙ্গলবার কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে গণতান্ত্রিক নীতি ভঙ্গ এবং কাতালান সমাজে বিভক্তি সৃষ্টির অভিযোগ তোলার পর কার্লেস পুজদেমন অচিরেই স্বাধীনতার ঘোষণা দেওয়া নিয়ে কথা বললেন।
কাতালুনিয়ায় গণভোটের দিন স্পেনের পুলিশের সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার লাখ লাখ কাতালানবাসী প্রতিবাদ ধর্মঘট পালন করছে। ভোটের দিন পুলিশের অ্যাকশনে প্রায় ৯০০ কাতালান আহত হয়েছেন বলে গণমাধ্যমগুলোর খবর।
স্বাধীনতার প্রক্রিয়া শুরু হলে স্পেনের সরকার যদি হস্তক্ষেপ করে এবং কাতালুনিয়া সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করে তখন কী করবেন, সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে পুজদেমন বলেন, “এটি ভুল হবে এবং তা সবকিছু পরিবর্তন করে দিবে।”
বর্তমানে মাদ্রিদের সরকারের সঙ্গে তার নিয়ন্ত্রিত প্রশাসনের কোনো ধরনের যোগাযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
