২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেলে ক্যামেরা বসিয়েছিলেন লাস ভেগাসের হামলাকারী

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে গুলি করে ৫৮ জনকে হত্যাকারী স্টিভেন প্যাডক হোটেলে তার কক্ষের ভেতরে ও চারপাশে বেশ কয়েকটি ক্যামেরা লাগিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 07:40 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

পুলিশ জানায়, হলরুমে যাওয়ার পথে দুইটি এবং দরজার পিপিহোলে একটি ক্যামেরা লাগানো ছিল।

“ক্যামেরাগুলোর মাধ্যমে তিনি পুলিশ ও হোটেলের নিরাপত্তারক্ষীদের উপর নজর রাখতেন।”

রোববার লাস ভেগাসের এক উন্মুক্ত কনসার্টে নির্বিচার গুলি চালিয়ে ৫৮ জনকে হত্যা করেন প্যাডক, আহত হয় আরও পাঁচ শতাধিক মানুষ।

ম্যান্ডাল বে নামের একটি ক্যাসিনোর ৩২ তলার একটি কক্ষ থেকে তিনি ভবনের সামনে চলা উন্মুক্ত কনসার্টে গুলি চালান এবং পুলিশ আসার আগেই আত্মহত্যা করেন।

অবসরপ্রাপ্ত অ্যাকাউনটেন্ট ৬৪ বছর বয়সী প্যাডকের বিমান চালনা ও শিকারের লাইসেন্স ছিল। এর আগে তার কোনও অপরাধে জড়িত হওয়ার রেকর্ড নেই পুলিশের খাতায়।

কি কারণে তিনি নির্বিচারে গুলি চালিয়ে এতগুলো মানুষকে হত্যা করলেন তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্যাডক যে খুবই সুপরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছেন যে বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে বলে জানান ক্লার্ক কাউন্টি শেরিফ জোসেফ লম্বার্ডো।

সাংবাদিকদের তিনি বলেন, “ওই ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন, নিশ্চিতভাবেই এটি পূর্বপরিকল্পিত। বাস্তবতা হচ্ছে, ওই কক্ষে তার কাছে বেশ কয়েক ধরনের এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ছিল।”

“তিনি আগে থেকেই বিস্তারিত পরিকল্পনা করেছিলেন এবং আমি নিশ্চিত, তিনি যে কাণ্ড করেছেন তার সব কিছুই তিনি আগে থেকে পরীক্ষা করে নিয়েছিলেন।”

প্যাডকের কক্ষে তল্লাশি চালিয়ে পুলিশ ২৩টি আগ্নেয়াস্ত্র খুঁজে পেয়েছে। এছাড়া, তার বাড়িতে আরও ২৫টি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে।

আন্ডারশেরিফ কেভিন ম্যাকমাহিলের ধারণা হয়ত এ হামলা আটকানো যেত। তিনি বলেন, “যখন প্যাডক কিছুটা অসংলগ্ন আচরণ করছিলেন এবং একজন নিরাপত্তারক্ষীকে গুলি করেছিলেন।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যাডককে ‘পাগল’ বললেও তার মধ্যে ‘মানসিক অসুস্থতা বা তার মস্তিষ্কে কোনো সমস্যা থাকার প্রমাণ পাওয়া যায়নি’ বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।

প্যাডকের সঙ্গে দেশি-বিদেশি কোনো সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক থাকার প্রমাণও পায়নি পুলিশ।

এটা আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুলি করে সবচেয়ে বেশি মানুষকে হতাহত করার ঘটনা। এ ঘটনা আবারও যুক্তরাষ্ট্রের ‍অস্ত্র আইনের সংস্কারের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে অস্ত্র আইন সবচেয়ে শিথিল নেভাডায়। নাগরিকরা সেখানে অস্ত্র বহন করতে পারে এবং অস্ত্রের মালিক হিসেবে তাদের নিবন্ধনও নিতে হয় না।

দোকান থেকে অস্ত্র কেনার সময় ক্রেতার তথ্য যাচাইয়ের ব্যবস্থা থাকলেও সেই ক্রেতা আবার অন্যের কাছে অস্ত্র বিক্রি করে দিতে পারেন।

অ্যাসল্ট রাইফেলের মত স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রির ওপর সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই এবং গুলি কেনার ক্ষেত্রেও কোনো সীমা বেঁধে দেওয়া নেই।

গতবছর ১২ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের একটি নৈশক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করে এক যুবক।

এতদিন পর্যন্ত সেটাই ছিল যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যার সবচেয়ে বড় ঘটনা, যার দায় স্বীকার করেছিল আইএস।