২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা মুসলিমরা ভারতের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’

ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ বলে মন্তব্য করেছেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভগত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 02:15 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

শনিবার মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে আরএসএসের ঐতিহ্যবাহী বার্ষিক ‘দুসেরা’ দিবসের সমাবেশে সঙ্ঘ প্রধান একথা বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি। 

রোহিঙ্গা ইস্যুতে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে ভারতের ‘জাতীয় নিরাপত্তার’ বিষয়টি মনে রাখার জন্য দেশটির কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছেন তিনি।

ভগত বলেন, “অবৈধ বাংলাদেশি অভিবাসী সমস্যাটির মোকাবিলা করতে হচ্ছে আমাদের, আর এখন রোহিঙ্গারা আমাদের দেশে অনুপ্রবেশ করছে। জাতীয় নিরাপত্তার হুমকির বিষয়টি মাথায় রেখে রোহিঙ্গাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

মিয়ানমারের সহিংসতা কবলিত রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা মানুষদের উল্লেখ করে তিনি এসব কথা বলেন। 

সঙ্ঘের সমাবেশে দেওয়া ভাষণে ভগত পশ্চিমবঙ্গ ও কেরালার সরকারকে আক্রমণ করেও কথা বলেন।

ভারতের এই দুই রাজ্যের সরকার ‘রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে জাতীয় নিরাপত্তা-বিরোধী শক্তিগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে’ বলে অভিযোগ করেন তিনি।  

‘গরু রক্ষার’ নামে আইন নিজের হাতে তুলে নিয়ে ঘটানো সহিংসতার সমালোচনাও করেন আরএসএস প্রধান।

বলেন, “কথিত গোরক্ষকরা কিছু মানুষকে হত্যা করেছে, যা নিন্দনীয়। বজরং দলের লোকেরা যেমন করেছে তেমনি অনেক মুসলিমও গরুদের রক্ষা করতে গিয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন।”

গরু রক্ষার এই ইস্যুটি ‘ধর্ম থেকে অনেক দূরে’ বলে মন্তব্য করেছেন তিনি।

পাশাপাশি ভারতীয় অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ‘সবচেয়ে বেশি’ মন্তব্য করে এসব শিল্পকে সুরক্ষা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া দোকলাম ইস্যুটি ভারতীয় সরকার যেভাবে সামাল দিয়েছে তারও প্রশংসা করেছেন তিনি।