২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্ন্যুৎপাতের কারণে সরানো হচ্ছে এক দ্বীপের সব বাসিন্দাকে

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর পুরো একটি দ্বীপের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 03:52 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

দেশটির অ্যাম্বায়ে দ্বীপের ১১ হাজার বাসিন্দার সবাইকে ঘরবাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে এবং তাদের আশপাশের অন্যান্য দ্বীপে নেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি। 

কয়েকদিন ধরেই মানারা ভুয়ি আগ্নেয়গিটি থেকে শব্দ শোনা যাচ্ছিল, এর মধ্যে আগ্নেয়গিরিটি থেকে ‘মাঝারি উদ্গীরণ’ শুরু হয়ে ছাই বের হচ্ছে বলে জানা গেছে।

চলতি সপ্তাহের প্রথম দিকেই অ্যাম্বায়ের ছয় হাজার বাসিন্দাকে দ্বীপটির অন্যাপাশের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এবার দ্বীপটির সব বাসিন্দাকে পুরোপুরি সরিয়ে নেয়ার আদেশ দেওয়া হয়েছে। 

শুক্রবারের মধ্যেই অ্যাম্বায়ের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্মকর্তারা। দেশটিতে এ ধরনের ঘটনা এটিই প্রথম বলেও জানিয়েছেন তারা।

মানারা ভুয়ি থেকে উত্তপ্ত পাথর, গ্যাস ও ছাই বের হতে থাকার মুখে শনিবার দ্বীপটিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। এ সময় ‘উড়ন্ত পাথর, আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাস, এসিড রেইন ও পড়ন্ত ছাই’ এর বিষয়ে দ্বীপটির বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। 

কিন্তু সম্প্রতি আগ্নেয়গিরিটির মুখ থেকে ধোঁয়ার মেঘসহ উত্তপ্ত লাভা বের হয়ে আসার লক্ষণ দেখা যায়। তারপর থেকে যেকোনো সময় আগ্নেয়গিরিটি থেকে পূর্ণমাত্রায় অগ্ন্যুৎপাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।