ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬০
ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছের মহাসড়কে দুটি রেস্তোঁরা ও একটি পুলিশী তল্লাশিকেন্দ্রে তিনটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। এক স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ একথা জানিয়েছে।
হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছদ্মবেশে এবং চুরি করা সামরিক যান চালিয়ে এসে বিস্ফোরক বেল্ট এবং গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়।
ইসলামিক স্টেট (আইএস) তাদের আমাক বার্তা সংস্থায় এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে এবং বহু শিয়াকে হত্যার দাবি করেছে।
পুলিশ জানায়, ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমে এক হামলাকারী রেস্তোঁরায় বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। আরও তিন/চার জন হামলাকারী সেখানে থাকা পুলিশের ওপর গুলি চালায়।
নাসিরিয়ার স্বাস্থ্য বিভাগের পরিচালক জসীম আল-খালিদি শহরের হাসপাতালে প্রাথমিকভাবে ৫০ টি মৃতদেহ নেওয়ার খবর জানান। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিহতদের মধ্যে তীর্থস্থান ভ্রমণে যাওয়া ১০ ইরানি পুণ্যার্থী আছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।
রেস্তোঁরায় হামলার কিছুক্ষণ পরই কাছের এক তল্লাশিকেন্দ্রে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ হামলার পর তেল নগরী বসরাসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে একই ধরনের আরও হামলার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবারের এ হামলার মধ্য দিয়ে আইএস তাদের অনুসারীদেরকে এ বার্তাই দিয়েছে যে, সম্প্রতি তারা লড়াইয়ে অনেক এলাকা খোয়ালেও এখনও তারা ইরাকের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালাতে সক্ষম।
আইএস সাধারণত ইরাকের পশ্চিম এবং উত্তরাঞ্চলেই তৎপর বেশি। কিন্তু ইরাকের তুলনামূলক সুরক্ষিত দক্ষিণাঞ্চলীয় শিয়া এলাকায় আইএস এর এ ধরনের বোমা হামলার ঘটনা বিরল।
