২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রিমারদের ছাড় দিতে ট্রাম্পের প্রতি আহবান রায়ানের

ওবামা আমলে তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে নেয়া কর্মসূচি বাতিল না করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার পল রায়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 02:41 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

প্রভাবশালী এই রিপাবলিকান শুক্রবার ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডাকা) নামের কর্মসূচিতে ‘দাগ না দিতে’ ট্রাম্পকে অনুরোধ জানান বলে বিবিসির খবর।

যুক্তরাষ্ট্রে আসা অনিবন্ধিত অভিবাসীর সন্তানরা ডাকার আওতায় অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়ে আসছে। এরাই ‘ড্রিমার’ নামে পরিচিত।

বিবিসি বলছে, ওবামা আমলে নেয়া ওই কর্মসূচির কারণে প্রায় সাড়ে ৭ লাখ তরুণ অনিবন্ধিত ‘ড্রিমার’ যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি দেশটিতে কাজ ও শিক্ষার সুযোগ পেয়ে আসছে।

ট্রাম্প এই কর্মসূচি বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন। হোয়াইট হাউজ বলছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ড্রিমারদের নিয়ে তার সিদ্ধান্তের কথা জানাবেন।

স্পিকার রায়ান এই বিষয়ে কংগ্রেসের সঙ্গে কাজ করতে প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। এ নিয়ে হোয়াইট হাউজের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান রায়ান।

ট্রাম্প এই সমস্যার ‘মানবিক সমাধান’ খুঁজছেন বলেও মন্তব্য করেন তিনি।

“কিছু মানুষ আছে নরকের দ্বারপ্রান্তে। কিছু শিশু আছে যারা অন্য কোনো দেশ চেনে না; বাবা-মা তাদেরকে এখানে নিয়ে এসেছে, এবং তারা আর অন্য কোনো ঘরও চেনে না।”

রায়ানের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ডেমোক্রেটরা। হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলসি বলেছেন, রায়ানের কথা তার হৃদয় ছুঁয়ে গেছে।

ডেমোক্রেট আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করে রায়ানকে এই বিষয়ে ‘বিস্তৃত আইনী সমাধান’ খুঁজতেও পরামর্শ দিয়েছেন তিনি। 

২০১৬-র নির্বাচনী প্রচারে কঠোর অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প; সে অনুযায়ী আইন বদলাতেও কাজ করছেন তিনি। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়নের হারও বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।

যদিও মার্কিন ব্যবসায়ীরা বলছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ডাকা কর্মসূচি বন্ধ করে দিলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আঘাত হানবে বলেও আশঙ্কা তাদের।

ট্রাম্প অবশ্য ডাকা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

“আমরা ড্রিমারদের ভালোবাসি, আমরা সবাইকে ভালোবাসি; যদিও ড্রিমারদের নিয়ে এই কর্মসূচিটি মারাত্মক।”

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর তরুণ অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিক করতে কাজ করছে এমন কয়েক ড্রিমারকে আটক করা হয়েছে।