২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র সামরিক অভিযানের প্রথম ধাপ: উ কোরিয়া

জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রশান্ত মহাসাগরে সামরিক অভিযান পরিকল্পনার ‘প্রথম পদক্ষেপ’ বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে আরও হামলার আভাসও দিয়েছে পিয়ংইয়ং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 07:02 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

তাছাড়া, গুয়ামের মার্কিন ঘাঁটিতেও আবারও হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কেসিএনএ’র খবরে এই প্রথম ইচ্ছাকৃতভাবে জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা স্বীকার করা হয়েছে।

কেসিএনএ’র বরাত দিয়ে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার সরাসরি জবাব দিতে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

কিম জং ‍উনের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, “সত্যিকারের যুদ্ধের মত সর্বশেষ মহড়া প্রশান্ত মহাসাগরে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ।”

কিম ওই অঞ্চলে আরও ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন বলে জানায় কেসিএনএ।

গত মঙ্গলবার ভোরে উত্তর কোরিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের উত্তর-পূর্বাঞ্চলের হোক্কাইডো প্রদেশের দ্বীপ এলাকা অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জাপান জরুরি সতর্কতা জারি করা হলেও ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করার কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

এ কাজের জন্য জাতিসংঘ কড়া ভাষায় উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিনই নিউইয়র্কে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। তবে সেখান থেকে উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আর কোনো হুমকি আসেনি।

গত জুলাইয়ে দুইটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উত্তর কোরিয়ার উপর নতুন করে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

যার জবাবে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের কাছে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনার ঘোষণা দেয় উত্তর কোরিয়া।

এ নিয়ে কয়েক দিনের চরম উত্তেজনার মধ্যে ১৫ অগাস্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আপাতত ওই পরিকল্পনা স্থগিত করে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ দেখে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন।

এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ২১ অগাস্ট থেকে কোরীয় উপদ্বীপে ১০ দিনের যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়া এই মহড়াকে বরাবরই ‘উসকানিমূলক’ হিসেবে বিবেচনা করে।

চীন এবং রাশিয়া কোরীয় ‍উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমকে ওই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির অবনতির জন্য দায়ী করেছে।

ওদিকে, বুধবার জাপান সফরে যাওয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে চীনকে উত্তর কোরিয়ার উপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, উত্তর কোরিয়ার ‘বেপরোয়া উসকানি’র জবাব দিতে বেইজিংকেই মূল ভূমিকা নিতে হবে।