২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ব্যাংকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি ব্যাংকে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Aug 2017, 12:26 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

মঙ্গলবারের এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, অত্যন্ত সুরক্ষিত ওই এলাকায় অবস্থিত কাবুল ব্যাংকের প্রবেশ পথে বিস্ফোরণটি ঘটানো হয়েছে, এতে অন্তত পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যাংক থেকে অর্থ তোলার সময় লোকজনের ভিড়ের মধ্যে বিস্ফোরণটি ঘটানো হয়।

তালেবান হামলার দায় স্বীকার করে জানিয়েছে, বেতন তুলতে আসা সৈন্য ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

এতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তাদের এ দাবি নিশ্চিত করেনি আফগানিস্তান সরকার।

চলতি বছরের প্রথম অর্ধে কাবুলে চালানো ধারাবাহিক বিভিন্ন হামলায় ২০৯ জন বেসামরিক নিহত ও ৭৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।