যুক্তরাষ্ট্রে হাসপাতালকর্মী জিতলেন লটারির ৭৫ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিকোপি শহরের বাসিন্দা এক হাসপাতাল কর্মী লটারিতে ৭৫ কোটি ৮৭ লাখ ডলার জিতেছেন।
বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির লটারি কর্মকর্তারা বিজয়ী হিসেবে ৫৩ বছর বয়সী মেভিস ওয়ান্সজিকের নাম ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই লটারির ইতিহাসে কোনো ক্রেতার একটি টিকেটের জন্য এটিই সবচেয়ে বড় পুরস্কার।
বৃহস্পতিবার বিকেলে নিজের পুরস্কার নেওয়ার জন্য এক সংবাদ সম্মেলনে হাজির হন ওয়ান্সজিক। তিনি ৩১ বছর বয়সী এক কন্যা ও ২৬ বছর বয়সী এক পুত্রের জননী।
সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি জানান, তিনি এই পুরস্কার পেতে চেয়েছিলেন এবং তা তিনি পেয়েছেন, এখন তিনি একা থাকতে চান।”
তিনি আরো জানান, গত ৩২ বছর ধরে তিনি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড হাসপাতালে কাজ করেছেন এবং লটারি জেতার পর তিনি কাজ ছেড়ে দিয়েছেন।
লটারি কর্তৃপক্ষ পাওয়ারবল নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ওয়ান্সজিকের টিকেটটি বুধবার রাতের ড্রতে ওঠা ছয়টি নম্বরের সবগুলোর সঙ্গে মিলে গেছে। নম্বরগুলো ছিল: ৬, ৭, ১৬, ২৩, ২৬ এবং পাওয়ারবলের ৪।
বুধবারও ওয়ান্সজিক ছিলেন হাসপাতাল কর্মী; বৃহস্পতিবার সেই তিনিই উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় লটারি জ্যাকপট জিতলেন। তবে পুরো অর্থ পাবেন না তিনি। কর ও অন্যান্য ফি বাবদ ৩৩ কোটি ৬০ লাখ ডলার ছেড়ে আসতে হবে তাকে, তারপরও তিনি প্রায় ৪৮ কোটি ডলার পাবেন।
অবশ্য এতেও খুশি ওয়ান্সজিক, কারণে এর পর থেকে হাসপাতালের কাজ তো আর করতে হবে না তাকে।
এ ঘটনার পর ম্যাসাচুসেটস পুলিশ মেভিস ওয়ান্সজিকের বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করেছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইনে প্রকাশ্যে লটারিজয়ী ব্যক্তির নাম ঘোষণা এবং তাকে নিয়ে সংবাদ সম্মেলন করা বাধ্যতামূলক। এর মাধ্যমে ‘জয়ী ব্যক্তি আগেই ঠিক করে রাখা হয়েছে’ এ ধরনের নীরব গুঞ্জন যেমন থামিয়ে দেয়া যায় তেমনি অন্যদেরও লটারির টিকেট কিনতে উৎসাহিত করা যায় বলে মনে করে কর্তৃপক্ষ।
তবে এ ধরনের প্রচারণা প্রায়শই লটারিজয়ী ব্যক্তিকে অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে।
ওয়ান্সজিকের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ম্যাসাচুসেটসের চিকোপি পুলিশ। শুক্রবার থেকে তার গাড়ি বারান্দায় পুলিশের গাড়ি মোতায়েন করা হয়েছে।
“এটা একটা বিরাট ব্যাপার। আমরা তাকে জানাতে চাই, তার যদি প্রয়োজন হয় আমরা আছি,” বলেন চিকোপি পুলিশের কর্মকর্তা মাইকেল উইল্ক।
ওয়ান্সজিক যে এলাকায় থাকেন সেখানে এরইমধ্যে গণমাধ্যমের সদস্য ও অন্যান্যরা ভিড় করেছেন। যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে পুলিশ প্রস্তুত বলেও জানান উইল্ক।
“তিনি (ওয়ান্সজিক) কোথায় থাকেন তা জানতে অন্যদের দরজায়ও কড়া নাড়া চলছে। তাকে হয়রানি বা বিরক্ত করার কোনো ধরনের চেষ্টা আমরা সহ্য করবো না,” বলেন তিনি।
এসবের পাশাপাশি ওয়ান্সজিকের প্রাণনাশেরও ভয় আছে।
২০১৫-র নভেম্বরে ক্রেইগরি বার্চ জুনিয়র জর্জিয়া ফ্যান্টাসি ফাইভ ড্রয়িং লটারির ৫টি নম্বর মিলিয়ে জিতে নেন চার লাখ ৩৪ হাজার ২৭২ ডলারের জ্যাকপট।
দুই মাস পর পুলিশ জানায়, মুখোশধারী ৭ ব্যক্তি দরজায় নক করার পর ভেতরে ঢুবে ক্রেইগরিকে হত্যা করে।
পরিবারের সদস্যদের অভিযোগ, লটারি জয়ের আনুষ্ঠানিক ঘোষণাই ক্রেইগরির জীবনে কাল হয়ে এসেছিল।
২০০৬ সালে আব্রাহাম শেকসপিয়ার ৩০ মিলিয়ন ডলারের লটারি জেতেন। দুই বছর পর ডরিস ‘ডি ডি’ মুর নামে এক নারী আব্রাহামকে নিয়ে বই লেখার কথা বলে তার ঘনিষ্ঠ হন।
কয়েকদিনের মধ্যেই মুর লটারিজয়ীর অর্থ উপদেষ্টা মনোনীত হন এবং ধীরে ধীরে তার সব সম্পদ হাতিয়ে নেন।
“ওই নারী তার সব টাকা নিয়ে নেন। এসব জানতে পেরে আব্রাহাম মুরকে খুন করার হুমকি দেন। যদিও মুরই আগে আব্রাহামকে মেরে ফেলেন,” বলেন সহকারি স্টেট অ্যাটর্নি জে প্রুনের।
