স্পেনে আরও বড় হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের
স্পেনের বার্সেলোনা এবং কেমব্রিলস শহরে যে হামলা চলেছে তার চেয়েও আরও বড় এক বা একধিক হামলার পরিকল্পনা করছিল সন্ত্রাসীরা, বলছে পুলিশ।
কাতালোনিয়ার পুলিশ প্রধান বলেছেন, লা রামব্লায় হামলার আগে বুধবার বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমের শহর আলকানারের বাড়িতে বিস্ফোরণে হামলার ষড়যন্ত্রকারীদের বোমা বানানোর সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ায় তারা পরে গাড়ি হমলা চালানোর পন্থা বেছে নিয়েছে।
আলকানারের ওই বাড়িতে বসে অনেক দিন ধরে হামলার প্রস্তুতি চলেছিল- এ অনুমানের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।
পুলিশ বলছে, বার্সেলোনায় এক বা একাধিক হামলায় ব্যবহারের জন্য ওই বাড়িতে বিস্ফোরক বানানো হচ্ছিল। বুধবার সন্ধ্যায় সেখানে খুব সম্ভবত গ্যাস কন্টেইনার বিস্ফোরণে একজন নিহত হয়।
তদন্তকারীরা বলছেন, স্পেনে দুটো হামলার পেছনে শক্তিশালী ১২ টি সন্ত্রাসী সেল জড়িত বলে ধারণা করা হচ্ছে। তারা গ্যাস কন্টেইনার ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করেছিল।
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ক্যামব্রিলস শহরে একই ধরনের আরেকটি হামলা চেষ্টা নস্যাৎ করে পুলিশ।
শুক্রবার ভোরের দিকে ক্যামব্রিলসের সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়ি নিয়ে লোকজনকে চাপা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে গাড়ি উল্টে গেলে পুলিশ তাদের গুলি করে হত্যা করে এবং তাদের শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টগুলো নিয়ন্ত্রণে নেয়।
দুই হামলায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আটক তিনজনের একজন মরোক্কান এবং একজন স্প্যানিশ।
লা রামব্লাতে ভ্যান হামলাকারীর খোঁজ চলছে। ক্যামব্রিলসে নিহত ৫ হামলাকারীর মধ্যে লা রামব্লার হামলাকারী রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
স্প্যানিশ গণমাধ্যম সন্দেহভাজন ওই হামলাকারীর নাম মুসা অওবাকির (১৮) বলে জানিয়েছে। সে ড্রিস অওবাকিরের ভাই। যার নামে হামলা চালানোর জন্য ভ্যানটি ভাড়া করা হয়েছিল।
