২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে পিজার দোকানে চলন্ত গাড়ি, বালিকা নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে এক গ্রামে একটি পিজা ক্যাফেতে চলন্ত গাড়ি ঢুকিয়ে দেওয়ার ঘটনায় ১৩ বছর বয়সী এক বালিকা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2017, 01:47 PM

Updated : 12 Apr 2022, 12:08 AM

এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি; যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে লা ফেরতে-সু-জুয়ারের কাছে সেপ্ত-সর্ত গ্রামে এ ঘটনায় ঘটে। স্থানটি প্যারিস থেকে ৫৫ কিলোমিটার পূর্বে।

ঘটনার পর ঘাতক বিএমডব্লিউটির চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের গণমাধ্যমগুলো। ৩২ বছর বয়সী ওই চালক ফরাসি বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ।

কয়েকদিন আগে এই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র। হামলাকারীর নামে কোনো ফৌজদারি অপরাধেরও রেকর্ড নেই বলে ধারণা করা হচ্ছে।

ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলা হলেও এটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে না।

স্থানীয় আরটিএল রেডিও জানিয়েছে, পুলিশের কাছে গাড়িতে অস্ত্রশস্ত্র থাকার কথা স্বীকার করেছে হামলাকারী।

প্রাথমিক প্রতিবেদনগুলোতে নিহত বালিকার বয়স ৮ বছর বলা হলেও পরে তার বয়স ১৩ বলে জানানো হয়।

আহতদের মধ্যে তার ছোট ভাইও আছে বলে পুলিশের সূত্রগুলো একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ও অন্যান্য কয়েকটি দেশে সাধারণ নাগরিকদের ওপর গাড়ি নিয়ে হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বছর বাস্তিল দিবস উদযাপনের প্রস্তুতিকালে ফ্রান্সের নিস শহরে গাড়ি হামলায় ৮৪ জন নিহত হওয়ার ঘটনা অন্যতম।

গেল সপ্তাহেও প্যারিসে এক ব্যক্তি একদল সৈন্যর ওপর চলন্ত গাড়ি তুলে দিলে ছয় সৈন্য আহত হন; পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে আহত অবস্থায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।