কেনিয়ায় নির্বাচন: ফল মেনে নেওয়ার ঘোষণা কেনিয়াত্তার
সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা মাথায় নিয়েই জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে কেনিয়ার জনগণ।
যদিও প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনের ফল যাই হোক তিনি তা মেনে নেবেন।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদেরও তিনি একই পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “এক জাতি হিসেবে কেনিয়ার সামনে অগ্রসর হওয়া উচিত।”
বিবিসি জানায়, সোমবার সকাল থেকেই জনগণ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশে সংঘর্ষের তেমন খবর পাওয়া যায়নি।
কেনিয়াত্তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিংয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
কেনিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জোমো কেনিয়াত্তার ছেলে উহুরু কেনিয়াত্তা দ্বিতীয় ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারের শেষ সপ্তাহে একজন শীর্ষ নির্বাচনী কর্মকর্তার হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বলে জানায় বিবিসি।
