বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র করবে সৌদি আরব
পর্যটনের উন্নয়নে একটি বিশাল প্রকল্প নিয়েছে সৌদি আরব, যাতে লোহিত সাগরের ৫০টি দ্বীপ ও অন্যান্য স্থাপনা নিয়ে বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলা হবে।
বিবিসি বলছে, তেলের দর পতনে ধুঁকতে থাকা অর্থনীতিতে বৈচিত্র্য আনার পদক্ষেপের অংশ হিসেবে এটা করছে সৌদি আরব। এটা দেশি-বিদেশি পর্যটক আকৃষ্ট করবে বলে আশা করছে তারা।
পর্যটন এলাকায় বিদেশিদের জন্য ভিসার বাধানিষেধও শিথিল করা হবে।
তবে পোশাক ও অন্যান্য বিষয়ে ছাড় দেওয়া হবে কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সৌদি আরবে অ্যালকোহল, চলচ্চিত্র ও নাটক নিষিদ্ধ।
নারীদের বাইরে বেরোতে হলে গলা থেকে পা পর্যন্ত লম্বা ঢিলেঢালা পোশাক পরতে হয় এবং মুসলিম হলে থাকতে হয় স্কার্ফ।
গাড়ি চালানোর অনুমতি নেই নারীদের। লেখাপড়া বা ঘুরতে কোথাও যেতে হলে পুরুষ অভিভাবকের অনুমতি লাগে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের নতুন অবকাশ যাপন কেন্দ্র নির্মাণের কাজ আগামী বছর শুরু হওয়ার কথা।
প্রথম পর্যায়ে একটি নতুন বিমানবন্দর, বিলাসবহুল হোটেল ও ঘর নির্মাণ করা হবে। ২০২২ সালের মধ্যে এই পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে।
