মার্কিন কূটনৈতিক মিশনের ৭৫৫ কর্মীকে রাশিয়া ত্যাগের নির্দেশ
মার্কিন কূটনৈতিক মিশনের ৭৫৫ জন কর্মীকে রাশিয়া ছাড়তে হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে পুতিন এ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত শুক্রবার নেওয়া হয়েছিল, কিন্তু পুতিন এবার তাদের সংখ্যাটি নিশ্চিত করলেন যাদের ১ সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে রাশিয়া ছাড়তে হবে।
এর মাধ্যমে রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনের কর্মী সংখ্যা কমে ৪৫৫ জনে দাঁড়াবে, ওয়াশিংটনে রাশিয়ার কূটনৈতিক মিশনেও একই সংখ্যক কর্মী নিয়োজিত আছেন।
ওয়াশিংটন থেকে বিবিসির প্রতিনিধি লরা বিকার জানিয়েছেন, এই ঘটনাকে সাম্প্রতিক ইতিহাসে কোনো দেশ থেকে কূটনীতিক বিতাড়নের সবচেয়ে বড় ঘ্টনা বলে মনে করা হচ্ছে।
মস্কো থেকে বিবিসির প্রতিনিধি সারা রেইন্সফোর্ড জানিয়েছেন, যে সংখ্যাটির ঘোষণা দেওয়া হয়েছে তাদের মধ্যে রাশিয়াজুড়ে মার্কিন কূটনৈতিক মিশনে কাজ করা রাশিয়ান কর্মীও রয়েছেন।
এই ঘোষণায় মস্কোর মার্কিন দূতাবাস ছাড়াও দেশটির সেন্ট পিটারর্সবার্গ, ইয়েখাতেরিনবুর্গ ও ভ্লাদিভস্তকের কন্স্যুলেটগুলোও সমস্যায় পড়বে বলে জানিয়েছেন তিনি।
মস্কোর এ সিদ্ধান্তকে ‘দুঃখজনক ও অযৌক্তিক পদক্ষেপ’ বলেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “কর্মীর সংখ্যা সীমাবদ্ধ করে দেয়ায় পরিস্থিতি কী দাড়াচ্ছে এবং এ বিষয়ে আমাদের পদক্ষেপ কী হবে তা পর্যালোচনা করে দেখছি আমরা।”
তবে এ সিদ্ধান্ত ঘোষণা করলেও পুতিন বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রেখে বলেছেন, তিনি আর নিয়ন্ত্রণ আরোপ করতে চান না। দুদেশের সম্পর্ক ‘শিগগিরই’ পরিবর্তন হয়ে যাবে বলে মনে করেন না বলেও জানিয়েছেন তিনি।
ক্রাইমিয়াকে ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন করে নিজের সীমানাভূক্ত করে নেয়ার ২০১৪ সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র; আর গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের ঘটনায় সম্প্রতি দেশটির বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।
এর পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন কূটনৈতিক মিশনের কর্মী বহিষ্কার ছাড়াও তাদের অবকাশযাপনের জন্য ব্যবহৃত স্থাপনাগুলো ও একটি গুদাম জব্দ করেছে রাশিয়া।
গত ডিসেম্বরে ওবামা প্রশাসনের নির্দেশে ওয়াশিংটনে রাশিয়ার কূটনৈতিক মিশনের দুটি কম্পাউন্ড জব্দ ও ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাটিক পার্টি ও হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরে কথিত হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ওই পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন।
