২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর পথে চার আরব দেশ

জঙ্গিবাদে অর্থায়ন এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক রাখার জেরে মাসখানেক আগে কাতারের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞার মাত্রা আরও বাড়াতে যাচ্ছে চার আরব দেশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 03:07 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

প্যান-আরব পত্রিকা আল-হায়াতের বরাতে রয়টার্স জানায়, রোববার সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বাহরাইনের রাজধানী মানামায় বসে কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর ব্যাপারে আলোচনা করবেন।

“চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এমনভাবে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন যা ধারাবাহিকভাবে কাতারের অর্থনীতিতে প্রভাব ফেলবে,” অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এমনটাই লিখেছে আল-হায়াত।

তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, শনিবার দেশটির বাদশা হামাদ বিন ইসা আল-খলিফা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে চার আরব দেশের সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেছেন।

মুসলিম ব্রাদারহুডসহ ‘সন্ত্রাসবাদী’ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অজুহাতে ৫ জুন সৌদি আরবসহ চার দেশ কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে দোহা।

চলমান এই উপসাগরীয় সংকট মোকাবেলায় কুয়েতের কূটনৈতিক চেষ্টা কাজে লাগেনি; ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতার চেষ্টাও।

অবরোধের শুরুতেই কাতারের সঙ্গে থাকা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয় সৌদি আরব। দোহার সঙ্গে তাদের আকাশসীমা ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ওই চার দেশ।

বিশ্বের শীর্ষ গ্যাস রপ্তানিকারক দেশ কাতারকে ‘নীতি’ বদলাতে ১৩ দফা দাবি দেয় প্রতিবেশী এই আরব দেশগুলো; যার মধ্যে আছে সংবাদমাধ্যম আল-জাজিরা এবং তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া।

চার দেশের দেওয়া দাবিকে ‘সার্বভৌমত্বের ওপর আঘাত’ অ্যাখ্যা দিয়ে দোহা বলেছে, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে আগ্রহী তারা।

কাতারের সঙ্গে সম্পর্ক আছে এমন ১৮টি প্রতিষ্ঠান এবং নয় ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে সৌদি আরব ও সহযোগী দেশগুলো।

চাপে থাকা কাতারকে খাদ্য, পোলট্রি ও দুগ্ধজাত পণ্য পাঠিয়ে সাহায্য করছে তুরস্ক ও ইরান; বিকল্প উপায় হিসেবে দেশটিকে নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ওমান।