বরফে চাপা পড়া দুই মৃতদেহ মিলল ৭৫ বছর পর
৭৫ বছর আগে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ হওয়া এক দম্পতির মৃতদেহ পাওয়া গেছে ক্রমশ ছোট হতে থাকা একটি হিমবাহের নিচে চাপা পড়া অবস্থায়।
১৯৪২ সালের অগাস্টে ভ্যালিয়াস চারণভূমিতে গরুর দুধ দোয়াতে গিয়ে দুই হাজার মিটারেরও বেশি উঁচুতে নিখোঁজ হয়েছিলেন মার্সেলিন ও ফ্রান্সিন দুমোলিন দম্পতি।
হিমবাহের বরফ গলতে শুরু করায় এতগুলো বছর পর তাদের মৃতদেহ পাওয়া গেছে। তারা ছিলেন কৃষক দম্পতি। তাদের সাত ছেলেমেয়ে কখনও বাবা-মা কে খুঁজে পাওয়ার আশা হারায়নি।
অনেক খোঁজাখুঁজির পরও দুমোলিন দম্পতির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এখন মৃতদেহ পেয়ে তাদের সবচেয়ে ছোট মেয়ে ৭৯ বছর বয়স্ক মার্সেলিন উড্রি দুমোলিন বলেছেন, তিনি এখন বাবা-মায়ের শেষকৃত্য করার পরিকল্পনা করছেন, যেটি তাদের প্রাপ্য ছিল।
তিনি বলেন, “সারা জীবন ধরে তাদের খুঁজেছি। এখন ৭৫ বছর পর মৃতদেহ পেয়ে স্বস্তি বোধ করছি।”
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে স্যানফ্লেউরন হিমবাহে স্কি লিফট কোম্পানির এক কর্মী এ দুই মৃতদেহর সন্ধান পান।
বরফের নিচে কিছু ব্যাকপ্যাক, টিন ও গ্লাসের বোতল এবং নারী ও পুরুষের জুতার পাশাপাশি শরীরের অংশ দেখতে পেয়েই সেখানে মৃতদেহ আছে বলে আঁচ করেন ওই কর্মী।
শিগগিরই মৃতদেহ দুটির ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
