২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পার্লামেন্ট থেকে দলিত নেত্রী মায়াবতীর পদত্যাগ

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির (বিএসপি)দলিত নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 08:22 PM

Updated : 11 Apr 2022, 11:57 PM

উত্তর প্রদেশের দলিত সম্প্রদায়ের ওপর সহিংসতা নিয়ে কথা বলতে দেওয়া হয়নি অভিযোগে মঙ্গলবার সকালে রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে পদত্যাগের হুমকি দিয়েছিলেন তিনি।

সে কথা মতই মায়াবতী পদত্যাগ করলেন। পার্লামেন্টের বাইরে ক্ষুব্ধ মায়াবতী বলেন, “আমাদের দুর্বল একটি অংশকে নিয়ে যদি আমি হাউজে কথা বলতে নাই পারি তাহলে আমার এখানে থাকার কোনও অধিকার নেই।”

তবে মায়াবতীর পদত্যাগ গৃহীত হবে কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ, সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করার জন্য যে পদ্ধতি অনুসরণ করতে হয় তা তিনি করেননি বলে জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।

মায়াবর্তী চারবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আবার এ বছর রাজ্য নির্বাচনগুলোতে তিনি শোচনীয় পরাজয়ও বরণ করেছেন। তবে উত্তর প্রদেশের দলিত সম্প্রদায়ের বড় একটি অংশ মায়াবতীকে সমর্থন করে।

মঙ্গলবার রাজ্যসভায় শাহরানপুর শহরে দলিতদের ওপর সর্বসাম্প্রতিক সহিংসতায় দুইজন নিহত হওয়ার ঘটনা নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন মায়াবতী। এ সময় তাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে রাজ্যসভা থেকে বেরিয়ে যান।