২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এন্টার্কটিকা থেকে ভেঙে পড়েছে বিশাল হিমশৈল

এন্টার্কটিকা থেকে বিশাল আকারের একটি আইসবার্গ বা হিমশৈল ভেঙে পড়ে সমুদ্রে ভাসতে শুরু করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jul 2017, 10:33 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

বিবিসি জানায়, এ যাবতকালে সবচেয়ে বড় ১০টি হিমশৈলের একটি এই বরফখণ্ডের আয়তন প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার। যা ওয়েলসের আয়তনের এক-চতুর্থাংশ।

যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইটে বুধবার লারসেন সি আইস সেল্ফ থেকে ওই হিমশৈলটি ভেঙে পড়তে দেখা যায়।

ভূ-উপগ্রহের ছবিতে শেল্ফটির প্রান্ত এবং হিমশৈলের মাঝখানে পরিষ্কার পানি দেখতে পাওয়া যায়।

যদিও বিজ্ঞানীরা আগে থেকেই বিষয়টি অনুমান করেছিলেন। এক দশকেরও বেশি সময় আগে লারসনের বরফে বড় ধরনের ফাটল দেখা দিলে ওই এলাকার উপর নজর রাখছিলেন বিজ্ঞানীরা।

২০১৪ সাল থেকে ফাটলটি প্রসারিত হতে শুরু করে এবং  দ্রুত ছিটকে পড়ার আশঙ্কা দেখা দেয়।

তবে ২০০ মিটারের বেশি পুরু হিমশৈলটি বলফ স্তর থেকে ছিটকে পড়লেও অদূর ভবিষ্যতে সেটি খুব দ্রুত বা খুব বেশি দূর ভেসে যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

তবে সেটির উপর নজর রাখা জরুরি বলে মনে করেন তারা। বলেন, স্রোত এবং বাতাস সম্ভবত হিমশৈলটিকে এন্টার্কটিকার উত্তর দিকে ঠেলে নিয়ে যাবে। সেখানে বরফখণ্ডটি জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটাবে।

সোয়ানসি ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাডরিয়ান লাকম্যান দীর্ঘদিন ধরে হিমশৈলটির অবস্থা নজরে রাখছিলেন।

তিনি বলেন, “গত কয়েক সপ্তাহে লারসেন সি আইস সেল্ফের প্রান্ত খুব সামান্যই দেখা যাচ্ছিল। কিন্তু  এটি খুব পরিস্কার ইঙ্গিত দিচ্ছিল।”

সবচেয়ে বড় হিমশৈলগুলোর ইতিহাস:

বিবিসি জানায়, লারসেন থেকে ভেঙে পড়া হিমশৈলটি সবচেয়ে বড় ১০টি হিমশৈলগুলোর একটি হলেও অতীতে এন্টার্কটিকা থেকে ভেঙে পড়া দানবাকৃতির হিমশৈলের মত নয়।

ভূ-উপগ্রহের যুগে এখন পর্যন্ত এন্টার্কটিকা থেকে ভেঙে পড়া হিমশৈলগুলোর মধ্যে সবচেয়ে বড়টি ২০০০ সালে রোস আইস শেল্ফ থেকে ছিটকে পড়ে। যেটির আয়তন ছিল ১১ হাজার বর্গ কিলোমিটার। ভেঙে পড়ার ছয় বছর পরও ওই হিমশৈলের টুকরা সাগরে ভেসে বেড়িয়েছে এবং নিউজিল্যান্ডের পাশ দিয়ে ভেসে গেছে।

এর আগে ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের নৈবাহিনীর বরফের চাঁইয়ের সঙ্গে প্রায় ৩২ হাজার বর্গ কিলোমিটারের একটি হিমশৈলের ধাক্কা খাওয়ার খবর পাওয়া যায়। যেটি আয়তনে বেলজিয়ামের চেয়ে বড়।

তবে ওই সময়ে কোনও ভূউপগ্রহ ছিল না। যে কারণে এ দাবির সত্যতা বা পরবর্তী নজরদারি সম্ভব হয়নি।