কলম্বিয়ায় ক্ষমা পেল আরও ৩,৬০০ ফার্ক গেরিলা
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এক ডিক্রিতে ফার্কের আরও তিন হাজার ৬০০ সদস্যকে ক্ষমা মঞ্জুরের ঘোষণা দিয়েছেন।
এ নিয়ে তিন দফা ডিক্রিতে সাত হাজারেরও বেশি ফার্ক বিদ্রোহী ক্ষমা পেল বলে জানিয়েছে বিবিসি।
বামপন্থি ফার্ক গেরিলা দলের সঙ্গে গতবছর স্বাক্ষরিত শান্তিচুক্তির আলোকে অস্ত্র জমা দেওয়া এবং জেলে থাকা গেরিলাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করতে কলম্বিয়া সরকার এ ক্ষমা মঞ্জুর করল।
সান্তোসের জারি করা তৃতীয় দফা ডিক্রিই শান্তিচুক্তি অনুযায়ী শেষ ক্ষমার ঘোষণা।
চুক্তি অনুযায়ী গত মাসেই ফার্ক গেরিলারা জাতিসংঘের কলম্বিয়া মিশনের কাছে অস্ত্র সমর্পণ করে; তারা প্রায় সাত হাজার বৈধ অস্ত্র জমা দেয়।
ওদিকে, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কলম্বিয়ায় শান্তিচুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে সেপ্টেম্বরে দেশটিতে নতুন করে শান্তি মিশন পাঠানোর ঘোষণা দিয়েছে। এতে করে দেশটিতে পাঁচ দশকের সংঘর্ষের অবসান ঘটবে।
১৯৬৪ সালে ভূমিহীন কৃষকদের অধিকার আদায়ে গঠিত ফার্ক গেরিলাদের সঙ্গে ২০১২ সাল থেকে চার বছর ধরে কিউবায় কলম্বিয়া সরকারের শান্তি আলোচনা চলে।
প্রথম দফায় হওয়া শান্তিচুক্তি গত অক্টোবরে গণভোটে প্রত্যাখ্যান করে কলম্বিয়ানরা। একমাস পর আগের চুক্তি পর্যালোচনা করে কলম্বিয়ার কংগ্রেসে উত্থাপিত হয়। কংগ্রেস তাতে অনুমোদন দিলে চুক্তিটি আইনে পরিণত হয়।
চুক্তি অনুযায়ী, ফার্ক তাদের গেরিলা যুদ্ধের নীতি ত্যাগ করে রাজনৈতিক দল গঠনে রাজি হয়।
গেরিলা দলের সদস্যদের সমাজে পুনরায় অন্তর্ভূক্ত করা ছিল চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেখানেই মারাত্মক অপরাধ করেনি এমন গেরিলাদের ক্ষমা করার সিদ্ধান্ত হয়।
বিবিসি জানায়, সান্তোসের জারি করা তিনটি ডিক্রিতে গেরিলা বাহিনীর ছয় হাজার পাঁচ জন সদস্য সুবিধা পেয়েছে; আর কয়েক মাস ধরে জেলে থাকা এক হাজার ৪০০ সদস্য গত কয়েক মাসে কারাভোগ থেকে মুক্তি পেয়েছে।
শান্তিচুক্তির চেষ্টা চালানোর জন্য গত বছর নোবেল শান্তি পুরস্কার পান সান্তোস।
ফার্কের সঙ্গে শান্তিচুক্তির ধারাবিহকতায় এবার দেশটির দ্বিতীয় বৃহত্তম গেরিলা দল ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে ইকুয়েডরে শান্তি আলোচনা শুরু করেছে কলম্বিয়ার সরকার।
