২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনকে ঘিরে ভুয়া ছবির ফাঁদ

নেতাদের মধ্যমণি হয়ে বসে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- টুইটারে রীতিমত আলোড়ন তোলা জি-২০ সম্মেলনের ছবিটি আসলে ভুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোশ্যাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 09:51 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

বিকৃত করা ওই ছবিতে পুতিন চেয়ারে গম্ভীর মুখে বসে আছেন। দুইপাশ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান তার দিকে গভীর মনযোগে তাকিয়ে আছেন।

পুতিনের ঘাড়ের উপর ঝুঁকে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। ঠিক পেছনে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও পুতিনের দিকে তাকিয়ে আছেন।

যেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং সবাই পুতিনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

ছবিটি ঘিরে টুইটারে হাস্যরসাত্মক নানা মন্তব্য করেন ব্যবহারকারীরা । বিশেষ করে ট্রাম্প ও এরদোয়ানের মুখভঙ্গি নিয়ে নানা ধরনের মন্তব্য আসে।

কবিরা নামের ভারতীয় একজন ব্যবহারকারী লেখেন, “ভাই, ভাইভা মে কেয়া পুছা?”

জোকার নামে একজন লেখেন, “ট্রাম্প: ফের কেয়া হুয়া ভাই।

পুতিন: বাদ মে বাতাতা হু আভি তেরি ভাবি খাড়ি হে পিছে।”

ফুয়াত হুদেভার্দি নামে একজন আসল ও বিকৃত করা ছবি দুইটি পাশাপাশি দিয়ে পোস্ট দেন।

যদিও শুরুতে অনেকে বুঝতেই পারেননি ছবিটি আসলে ভুয়া! কয়েকটি গণমাধ্যমে সম্মেলনের ছবি হিসেবে ওই ছবিটিও প্রকাশ করা হয়। যার মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো রয়েছে।

সোমবার প্রথম আলোর বিদেশ পাতায় জি-২০ সম্মেলন নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবদন ওই ছবিসহ ছাপা হয়।

এপি’র আসল ছবিতে পুতিনের বসে থাকা চেয়ারটি আসলে ফাঁকা। ওটা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’র জন্য নির্ধারিত আসন।

জি-২০ সম্মেলনের প্রথম দিন শুক্রবার হামবুর্গে প্রথম কর্ম অধিবেশন শুরুর আগ মুহূর্তে নেতাদের ওই ছবিটি তোলা হয়েছিল।

টুইটার ব্যবহারকারী একজনের দাবি, রাশিয়ার গণমাধ্যমই ওই ছবিটি বিকৃত করে পুতিনকে সবার মধ্যমণি বানিয়েছে।