যুদ্ধবিরতি হওয়া উচিত সিরিয়াজুড়ে: ইরান
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হওয়া যুদ্ধবিরতির বিস্তার পুরো দেশজুড়ে দেখতে চায় ইরান।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, “যুদ্ধবিরতি চুক্তি পুরো সিরিয়া জুড়ে কার্যকর হলেই কেবমাত্র এর সুফল পাওয়া যাবে।”
বিস্তৃত আকারে যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জর্ডান সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি এবং যুদ্ধের তীব্রতা হ্রাস সম্পর্কিত একটি চু্ক্তিতে উপনীত হয়।
রোববার থেকে ওই চুক্তি কার্যকর হওয়া শুরু হয়।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “উত্তেজনা হ্রাসে সিরিয়ার যেসব অঞ্চল নিয়ে আস্তানায় আলোচনা হয়েছে তার সবগুলোতেই যুদ্ধবিরতি কার্যকর হওয়া প্রয়োজন।”
“ইরান সরকার সিরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সুনির্দিষ্ট একটি অংশে যুদ্ধবিরতি কোনও কাজে আসবে না। কারণ, বর্তমান অবস্থায় বাস্তবতা অনুধাবন ছাড়া কোনও চুক্তিই সফল হবে না।”
