২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-২০: জলবায়ু প্রশ্নে নিঃসঙ্গ যুক্তরাষ্ট্র

জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের শেষ দিনে জলবায়ু পরিবর্তনের ইস্যুতে প্যারিস চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সম্মেলনে অংশ নেওয়া ১৯ দেশের নেতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 10:35 AM

Updated : 11 Oct 2022, 02:16 PM

বিবিসির খবরে বলা হয়, বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের এই শীর্ষ সম্মেলনের শেষ দিন শনিবার বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি ও আফ্রিকা নিয়ে ঐকমত্য হলেও জলবায়ু প্রশ্নে অচলাবস্থা দেখা দেয়।

শেষ পর্যন্ত ওই বিভক্তির দাগ রেখেই একটি সমঝোতায় আসেন জি-২০ নেতারা। সম্মেলনের যৌথ ঘোষণায় জলবায়ু চুক্তি বাস্তবায়নে ১৯ দেশের প্রতিশ্রুতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়টিও রাখা হয়।   

যুক্তরাষ্ট্র বাদে বাকি ১৯ দেশের নেতারা একমত হন যে, প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনার যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, তা ‘অপরিবর্তনীয়’।

সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেন, প্যারিস চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনি একমত নন এবং তিনি তিনি সন্তষ্ট যে বাকি ১৯ রাষ্ট্র তাদের আগের অবস্থানে অনড় রয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত মাসে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প।

যৌথ ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি বাস্তবায়ন না করলেও আরও পরিবেশবান্ধব ও দক্ষতার সঙ্গে জীবাশ্ম জ্বালানী ব্যবহারে অন্য দেশগুলোকে সহযোগিতা করতে পারে।  

সম্মেলনের শেষ দিনেও হামবুর্গজুড়ে বড় ধরনের প্রতিবাদ মিছিল হয়। প্রতিবাদকারীরা জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং বিশ্বজুড়ে বৈষম্যের বিরুদ্ধে শ্লোগান দেন। এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের উপস্থিতিরও বিরোধিতা করেন তারা।

দাঙ্গা পুলিশ বাধা দিলে ওই বিক্ষোভ সহিংস রূপ পায়। বিক্ষোভকারীরা রাস্তার গাড়ি ও পুলিশের ব্যারিকেডে অগ্নিসংযোগ করে, পুলিশের দিকে পাথর ছোড়ে। সে সময় বেশ কিছু দোকানে লুটপাটের ঘটনাও ঘটে।