২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল সালভাদরের অর্থ মন্ত্রণালয়ে আগুন, নিহত ২

এল সালভাদরের অর্থ মন্ত্রণালয়ের একটি ভবনে আগুন লেগে ভবনটি ভস্মীভূত হয়েছে এবং অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 09:52 AM

Updated : 11 Apr 2022, 11:54 PM

শুক্রবার বিকেলে ওই ভনটির নিচের দিকের একটি তলায় আগুন লেগে উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি।

এতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রায় দুই ঘন্টা ধরে ভবনটিতে আটকা পড়ে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং আগুনে পুড়ে আহত প্রায় ২৫ জনকে রাজধানী সান সালভাদরের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

ভবনটি থেকে অন্তত ৫০ ব্যক্তিকে উদ্ধারের কথা জানিয়েছেন দেশটির জরুরি বিভাগের মুখপাত্র কার্লোস ফুয়েন্তেস।

ভিডিও ফুটেজে আটতলা ওই ভবনটির উপর থেকে এক ব্যক্তিকে পড়ে যেতে দেখা গেছে, তিনি বেঁচে আছেন কি না তা পরিষ্কার নয়। 

তবে পাঁচ ও ছয়তলা থেকে লাফিয়ে পড়া ব্যক্তিরা বেঁচে গেছেন বলে জানিয়েছেন ফুয়েন্তেস।

ভবনটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।