উত্তর কোরিয়াকে মারাত্মক পরিণতি ভোগের হুঁশিয়ারি ট্রাম্পের
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করে দেশটিকে তার অস্ত্র কর্মসূচির জন্য মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগে প্রস্তুত আছে বলে মার্কিন দূত নিকি হ্যালি সতর্ক করার পর ট্রাম্প এ হুঁশিয়ারি দিলেন।
উত্তর কোরিয়া মঙ্গলবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটানোর কথা জানায়, যা বড় আকারের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই অঙ্গরাজ্য এবং সম্ভবত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলেও আঘাত হানতে পারবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কিছু বিশেষজ্ঞ।
ট্রাম্প বলেন, “তারা (উত্তর কোরিয়া) অত্যন্ত বিপজ্জনকভাবে আচরণ করছে। এর কোনও একটা বিহিত করতে হবে।”
তবে আগামী কয়েক সপ্তাহ এবং কয়েকমাসে উত্তর কোরিয়া আর কি করে সেটিও যুক্তরাষ্ট্র লক্ষ্য করবে বলে জানিয়েছেন ট্রাম্প।
উত্তর কোরিয়াকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র সম্ভাব্য কি কি করতে পারে সে সম্পর্কে ট্রাম্প বলেন, “আমাদের বেশ মারাত্মক কিছু পন্থা আছে যেগুলো নিয়ে আমরা ভাবছি।”
উত্তর কোরিয়ার বাজে আচরণকে অন্য দেশগুলোরও চ্যালেঞ্জ জানানো উচত বলেও মন্তব্য করেন তিনি।
