২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলায় পাকিস্তানের বিজয় উদযাপন করে ভারতে গ্রেপ্তার ১৫

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট ফাইনাল খেলার দিন পাকিস্তানের বিজয় উদযাপন করতে গিয়ে ভারতের মধ্যপ্রদেশে গ্রেপ্তার হয়েছে ১৫ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jun 2017, 08:56 PM

Updated : 11 Apr 2022, 11:48 PM

‘ভারত বিরোধী ও পাকিস্তানপন্থি’ স্লোগান দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মুসলিম ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসি’কে জানিয়েছে পুলিশ।

হিন্দু প্রতিবেশীরা পুলিশের কাছে তাদের বিরুদ্ধে ফাইনাল খেলা চলাকালে বাজি পোড়ানো এবং পাকিস্তানপন্থি স্লোগান দেওয়ার অভিযোগ করে।

ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, রাষ্ট্রদ্রোহ সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর অন্যতম।

রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠা ব্যক্তিদের পুলিশের কাছে তাদের পাসপোর্ট জমা দিয়ে দিতে হয়। তারা সরকারি চাকরিতে আবেদনের যোগ্য নয় এবং যখন আদালত ডাকে তখনই হাজির হতে বাধ্য থাকে।

‘ইন্ডিয়া টুডে’র ওয়েবসাইটে পুলিশের বরাত দিয়ে বলা হয়, পাকিস্তানের জয়ে অভিনন্দন জানানোর জন্য নয় বরং ভারত বিরোধী স্লোগান দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

ক্রিকেট খেলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করা ভারতীয় মুসলিমদের সংকটে পড়ার ঘটনা এটাই প্রথম নয়।

২০১৪ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের ৬৬ মুসলিম শিক্ষার্থীকে একই কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলে উত্তর প্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল।