মার্কিন ছাত্র ওয়ার্মবিয়ারের মুক্তি মানবিক কারণে: উ. কোরিয়া
উত্তর কোরিয়ার কারাগার থেকে মার্কিন ছাত্র ওটো ওয়ার্মবিয়ার মুক্তি মানবিক কারণে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
২২ বছর বয়সী ছাত্র ওয়ার্মবিয়ার উত্তর কোরিয়ায় ১৭ মাস জেল খেটে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার কোমায় থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে ফিরে যান বলে জানিয়েছিলেন তার অভিভাবকরা। উত্তর কোরিয়ার জেলে ওয়ার্মবিযারকে বর্বরোচিত নির্যাতন করা হয়েছে এবং সে গত এক বছর ধরেই কোমায় আছে বলে অভিযোগ করেন তারা।
তবে উত্তর কোরিয়া বলছে, ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ভোগের শুরুর দিকেই ওয়ার্মবিয়ার অসুস্থ হয়ে পড়েছিলেন। গতবছর তার বিচার হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। এরপর থেকে তিনি আর জেগে ওঠেননি।
বৃহস্পতিবার উত্তর কোরিয়া দেশটির কেসিএনএ বার্তা সংস্থায় একলাইনের একটি বিবৃতিতে ওয়ার্মবিয়ারের মুক্তির খবরটি নিশ্চিত করে বলেছে, “তিনি কঠোর পরিশ্রম করেছিলেন এবং তাকে মানবিক কারণে বাড়ি পাঠানো হয়েছে।” এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি উত্তর কোরিয়া।
২০১৬ সালের মার্চে উত্তর কোরিয়ার একটি আদালত রাষ্ট্রবিরোধী অপরাধে ওয়ার্মবিয়ারকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
গত বছর জানুয়ারিতে (সরকার বিরোধী) প্রপাগান্ডা স্লোগান বহনকারী একটি জিনিস চুরির চেষ্টার অভিযোগে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ার্মবিয়ারকে (২১) আটক করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার ওয়ার্মবিয়ারের মুক্তি এবং দেশে ফেরার কথা জানান।
উত্তর কোরিয়া ওয়ার্মবিয়ারের অসুস্থ হয়ে পড়ার যেকথা বলেছে সে ব্যাপারে আরও তথ্য চেয়েছেন মার্কিন কর্মকর্তারা। ওয়ার্মবিয়ার কিভাবে এত বেশি অসুস্থ হলেন সেটিই জানতে চান তারা।
