সাঈফ গাদ্দাফির গ্রেপ্তার চায় আইসিসি
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বড় ছেলে সাঈফ আল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার এবং তার আত্মসমর্পণ চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
লিবিয়ায় ছয় বছর জেল খাটার পর এক মিলিশিয়া বাহিনী গত সপ্তাহে সাঈফকে মুক্তি দেয়।
২০১১ সালের আন্দোলনে গাদ্দাফির পতনের সময়টিতে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সাঈফকে খোঁজা হচ্ছে।
আইসিসি’র প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদা বুধবার এক বিবৃতিতে বলেছেন, “সাঈফের বিরুদ্ধে ২০১১ সালে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনও কার্যকর আছে এবং লিবিয়া কর্তৃপক্ষ এর আওতায় সাঈফ কে অবিলম্বে গ্রেপ্তার করাসহ আদালতে তাকে আত্মসমর্পণ করাতে বাধ্য।”
সম্প্রতি গণমাধ্যমের কয়েকটি খবরে বলা হয়েছে, এ বছর ৯ জুনে সাঈফ লিবিয়ার নিজতানে সাধারণ ক্ষমা আইনের আওতায় আবু বকর আল-সিদ্দিকি ব্রিগেড এর হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। আইসিসি এ বিষয়টিও অবগত আছে বলে জানিয়েছেন কৌসুলি বেনসুদা।
সাঈফ বর্তমানে কোথায় আছেন তা জানা যায়নি। মুক্তি পাওয়ার পর থেকে তিনি জনস্মুখেও আসেননি। এক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সাঈফ লিবিয়ার পূর্বাঞ্চলে তবরুক এলাকায় আছেন।
কৌঁসুলি বেনসুদা বলেছেন, আইসিসি কার্যালয় থেকে সাঈফের মুক্তির খবরটি খতিয়ে দেখা হচ্ছে এবং একইসঙ্গে আইসিসি লিবিয়া ও অন্যান্য দেশগুলোকে সাঈফকে গ্রেপ্তার করা এবং আদালতে তার আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে।
