২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী ক্রিস্টোফারকে এফবিআই প্রধান মনোনীত করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান পদে আইনজীবী ক্রিস্টোফার এ. রে- কে মনোনীত করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 10:05 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

ক্রিস্টোফার রে আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অপরাধ শাখার সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। জর্জ ডব্লিউ বুশের সময়ে ২০০৩-২০০৫ সাল পর্যন্ত সহকারী অ্যার্টনি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

বুধবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, “এফবিআই এর নতুন প্রধান হিসেবে আমি অনবদ্য কৃতিত্বের অধিকারী ক্রিস্টোফার এ. রে-কে মনোনীত করব। এ ব্যাপারে পরে আরও জানানো হবে।”

সিনেট থেকে অনুমোদনের পরই ক্রিস্টোফারের নিয়োগ চূড়ান্ত হবে।

ইয়েল ল স্কুল থেকে গ্র্যাজুয়েশন করা ক্রিস্টোফার রে বর্তমানে ওয়াশিংটন এবং আটলান্টায় কিং এন্ড স্প্যালডিং ল ফার্মে কাজ করছেন। নিউ জার্সির গভর্নর ও ট্রাম্পের মিত্র ক্রিস ক্রিস্টিনের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবীও ছিলেন তিনি।

গত মাসে হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তে ভুল তথ্য দেয়ার অভিযোগে ট্রাম্প এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করলে এ শীর্ষ পদটি ফাঁকা হয়। সিনেট গোয়েন্দা কমিটিতে কোমির সাক্ষ্য দেওয়ার আগের দিন ট্রাম্প এফবিআই প্রধান পদে প্রার্থী মনোনয়নের ব্যাপারে তার সিদ্ধান্ত জানালেন।