২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরও ৩,০০০ সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াই বেগবান করতে যুক্তরাষ্ট্রের আরও অন্তত তিন হাজার সেনাকে আফগানিস্তান পাঠানোর পরিকল্পনা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 09:18 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় সামরিক কর্মকর্তারা আবারও তালেবান নেতাদের ওপর বিমান হামলা চালানোর ক্ষমতা পাবেন।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরিকল্পনাটি অনুমোদন করেননি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

ওই প্রস্তাবে নেটোভুক্ত অন্যান্য দেশগুলো থেকে আরও তিন হাজার থেকে পাঁচ হাজার সেনা পাঠানোর অনুরোধও করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে নেটোর ১৩ হাজার সেনা আফগানিস্তানে দায়িত্ব পালন করছে। যাদের মধ্যে ৮,৪০০ জন মার্কিন সেনা।

২০১৪ সালে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অভিযান শেষ হলেও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এখনও আফগান সেনাদের সেখানে সহায়তা করছে নেটো বাহিনী।

গত মাসে একটি সেনা কম্পাউন্ডে তালেবান হামলায় অন্তত ১৩৫ আফগান সেনা নিহত হয়। ওই হামলার এক সপ্তাহ পর ‘বসন্তকালীন হামলা’ শুরুর ঘোষণা দেয় তালেবান জঙ্গিরা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, নতুন পরিকল্পনায় নিশ্চিতভাবেই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের ভূমিকা বড়াবে।

হোয়াইট হাউজ থেকে নয় বরং পেন্টাগন থেকে সেনাদের সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানান তারা।

২৫ মে ব্রাসেলসে নেটো সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগেই আফগানিস্তানে নতুন করে সেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।