২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সেই বিচারককে ৬ মাসের কারাদণ্ড

কলকাতা হাইকোর্টের আলোচিত বিচারক চিন্নাস্বামী স্বামীনাথন কারনানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 12:32 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

আদালত অবমাননার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার এ রায় দেয় সর্বোচ্চ আদালত, জানিয়েছে এনডিটিভি।

বিচারপতি কারনানকে গ্রেপ্তার করতে সর্বোচ্চ আদালত কলকাতা পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিচারপতি কারনানের বিবৃতি ও কথিত ‘আদেশ’ প্রচারণার বিষয়ে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সর্বোচ্চ আদালত। 

এই প্রথম কোনো বিচারপতির বিরুদ্ধে সাজার আদেশ দিল ভারতের সর্বোচ্চ আদালত। 

ভারতের প্রধান বিচারপতি জে এস খেহার বলেন, “তাকে ভারতের একজন নাগরিক হিসেবে দেখা হয়েছে, বিচারক হিসেবে নয়। এখানে কোনো বর্ণের বিষয় বা কোনো বিচারকের বিষয় নেই, আদালত অবমাননা বিষয়ে আমরা কোনো প্রভেদ করতে পারি না; তিনি দায়িত্বরত একজন বিচারক, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, এভাবে বিবেচনা করে আমরা সিদ্ধান্ত দিতে পারি না।” 

বিতর্কিত বিচারপতি কারনান সোমবার এক আদেশে ভারতের প্রধান বিচারপতিসহ সর্বোচ্চ আদালতের আট বিচারককে পাঁচ বছরের ‘কারাদণ্ড’ দিয়েছিলেন।

গত সপ্তাহে কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একদল মনোরোগ বিশেষজ্ঞ পুলিশসহ কারনানের বাসভবনে গেলে তিনি তাদের ফিরিয়ে দেন। 

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের বিচারবিভাগে নজিরবিহীন এই জটিলতার শুরু চলতি বছরের প্রথমদিকে। ওই সময় মাদ্রাজ হাইকোর্টের ৬১ বছর বয়সী বিচারপতি কারনান ভারতের ২০ জন ‘দুর্নীতিগ্রস্ত বিচারকের’ নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠান।

এ ঘটনার পর তাকে বদলি করে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় দেশটির সর্বোচ্চ আদালত।এতে তিনি অভিযোগ করেন, দলিত শ্রেণির মানুষ হওয়ায় তাকে হয়রানি করা হচ্ছে। 

পরওয়ানা, আদালত অবমাননা এবং মানহানির অভিযোগে দেওয়া সর্বোচ্চ আদালতের সবগুলো আদেশ খারিজ করেছেন বিচারপতি কারনান। সর্বোচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে পাল্টা আদেশগুলো নিজের বাসায় বসেই জারি করেছেন তিনি। নিজের বাসাকে ‘হোম কোর্ট’ আখ্যায়িত করেছেন।

সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিচারপতি কারনান। এরপর কথার লড়াইয়ের মধ্যে ভারতের প্রধান বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ ১ মে বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছিল।

আগামী এক মাসের মধ্যে বিচারপতি কারনানের অবসরে যাওয়ার কথা। এই দ্বন্দ্বের অবসানের জন্য সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই ভারতের আইনবিদদের ধারণা।