যুক্তরাষ্ট্রে বিয়ার পানরত ব্যক্তির গুলিতে হতাহত ৭
এক হাতে বিয়ারের বোতল ধরে রেখে অন্য হাতে ধরা পিস্তল দিয়ে গুলি করে এক ব্যক্তি একজনকে হত্যা ও অপর ছয়জনকে আহত করেছে।
রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর সান ডিয়াগোর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।
অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সুইমিং পুলের পাশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকের এ ঘটনায় হামলাকারী পুলিশের গুলিত নিহত হয়েছে।
সান ডিয়াগোর বিশ্ববিদ্যালয় শহর এলাকার ওই সুইমিং পুলের পাশে একটি জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল, এখানেই হামলা চালায় ওই বন্দুকধারী।
জন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই বন্দুকধারী সুইমিং পুল এলাকায় বসে বিয়ার পান করার সময় এক হাতে বোতল ও অন্য হাতে একটি পিস্তল ধরে ছিল।
জন জানান, তিনি ও তার স্ত্রী মেঝেতে শায়িত তিনজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন।
গুলিবর্ষণের শব্দ শুনে দুই পুলিশ কর্মকর্তা ঘ্টনাস্থলে উপস্থিত হলে বন্দুকধারীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এ সময় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।
এক সংবাদ সম্মেলনে সান ডিয়াগো পুলিশ প্রধান শেলি জিমারম্যান জানিয়েছেন, পুলিশের দিকে পিস্তল তাগ করায় ওই হামলাকারীকে হত্যা করা হয়।
হামলাকারীর নাম পিটার সেলিস ও সে ৪৯ বছর বয়সী বলে জানিয়েছেন তিনি। তবে তার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাননি তিনি। আহত ছয়জনের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলেও তিনি জানিয়েছেন।
বন্দুকধারী ওই কমপ্লেক্সের একজন বাসিন্দা ছিলেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
