২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান প্রেসিডেন্ট-ট্রাম্প ফোনালাপ হতে পারে আবার

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার তার সরাসরি ফোনালাপ হতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Apr 2017, 08:55 PM

Updated : 11 Apr 2022, 11:28 PM

একইসঙ্গে বড় দেশ হিসাবে শান্তি বজায় রাখার বৈশ্বিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য প্রতিপক্ষ চীনকেও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রয়টার্সের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ওয়েন বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ করার সুযোগ আমাদের আছে।”

“প্রেসিডেন্ট টাম্পের নিজ থেকে ফোনালাপ করার সুযোগ আমরা ছাড়ছিনা। তবে এটি পরিস্থিতির ওপর এবং যুক্তরাষ্ট্র সরকারের আঞ্চলিক বিভিন্ন বিষয় বিবেচনার ওপর নির্ভর করবে।”

গত ডিসেম্বর মাসের শুরুর দিকে ট্রাম্পের সঙ্গে প্রথমবার শুভেচ্ছামূলক ফোনালাপ হয়েছিল তাইয়ানের প্রেসিডেন্ট ওয়েনের। ওইসময় দীর্ঘদিনের প্রথা ভেঙে ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। এতে ক্ষুব্ধ হয় চীন। ‘এক চীন নীতি’ বজায় থাকা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল চীন।

পরে ট্রাম্প এক চীন নীতি অক্ষুন্ন রাখার প্রতিশ্রুতি দেওয়ায় এবং এ মাসের শুরুর দিকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করায় পরিস্থিতি কিছুটা উন্নত হয়।

ট্রাম্পের সঙ্গে ওই ফোনালাপের পর ওয়েন বৃহস্পতিবারই প্রথম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ফের ফোনালাপ করার সম্ভাবনার কথা জানালেন। তিনি এও বলেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক উন্নত হচ্ছে।

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্টিলথ জঙ্গি বিমান কেনার প্রয়োজনও পড়তে পারে বলে জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট।তাইওয়ানের প্রতিরক্ষার জন্য এটি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

কিন্তু চীনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, তারা তাইওয়ানের কাছে যে কোনও দেশের অস্ত্র বিক্রির ঘোর বিরোধী।