সবচেয়ে বড় বোমায় ক্ষয়ক্ষতি, প্রত্যক্ষদর্শীর বরাতে
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অপারমাণবিক বোমা হামলা চালিয়েছিল।
১৩ এপ্রিল আফগানিস্তানের নানগারহার প্রদেশের আচিন জেলার মামান্দ উপত্যকায় ফেলা ওই বোমাটি কোনো যুদ্ধে ব্যবহৃত এ ধরনের প্রথম বোমা ছিল।
সম্প্রতি বিবিসির আউলিয়া আত্রাফি আফগানিস্তানের ওই এলাকার গিয়ে বোমা বিস্ফোরণের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে এসেছেন।
তিনি জানান, পাহাড়ের উপর থেকে দেখলে মামান্দ উপত্যকা খুব সুন্দর। উপত্যকার নিচটা সবুজ ক্ষেত ও গাছে ছেয়ে আছে। এর ওই পাশে উপত্যকাটি সংকীর্ণ হয়ে পাহাড়ে উঠে গেছে, সেই পাহাড় পরে পর্বতে পরিণত হয়েছে।
কারণ ওই এলাকার ওপরে তিন ধরনের মার্কিন জঙ্গিবিমান চক্কর দিচ্ছে ও বোমা ফেলছে। একটি বোমা উপত্যকার একটি সংকীর্ণ জায়গায় আঘাত করল। এটিই সেই জায়গা, এক সৈনিক বলল, এখানেই ‘মাদার অব অল বোম্বাস্’ বা এমওএবি ফেলা হয়েছিল।
ওই বোমা ফেলার পর সংবাদ প্রতিবেদনগুলোতে যে ধরনের কথা বলা হয়েছিল বাস্তব পরিস্থিতি তার সঙ্গে মিলছিল না। বলা হয়েছিল, ওই বোমায় আইএসের ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু পরিস্থিতি অন্যরকম লাগছিল।
বোমা যেখানে পড়েছিল তার ১০০ মিটার দূরে সবুজ সতেজ গাছ দাঁড়িয়ে আছে। বোমা যেখানে বিস্ফোরিত হয়েছে সেখানে বড় কোনো গর্ত নেই। শুধু গাছগুলো পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি ঘর পড়ে আছে।
এর অনতিদূরে ঘরবাড়ি অটুট আছে এবং তার চারপাশে সবুজ সতেজ গাছাপালাও আছে।
এতে একটি বিষয় পরিষ্কার সবচেয়ে বড় বোমা ফেলে কমবেশি ৯০ আইএস জঙ্গিকে মারতে পারলেও ওই এলাকায় আইএসকে নিশ্চিহ্ন করতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং দেখা গেছে ওই এলাকা থেকে আইএসকে উচ্ছেদ করতে যুক্তরাষ্ট্রকে আরো অনেক লড়াই করতে হবে।
তার অর্থ ‘মাদার অব অল বোম্বাস’ তার নামের প্রতি সুবিচার করতে পারেনি।
