‘সিরিয়া হামলার নমুনা পরীক্ষায় মিলেছে সারিন গ্যাস’
সিরিয়ায় গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র হামলা চালানোর যে অভিযোগ উঠেছে, সেখানকার নমুনা পরীক্ষা করে সারিন নার্ভ এজেণ্ট পাওয়া গেছে বলে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনকে জানিয়েছে একটি ব্রিটিশ প্রতিনিধিদল।
বৃহস্পতিবার হেগ- এ সংগঠনটির বিশেষ অধিবেশনে প্রতিনিধিদলটি বলেছে, “ব্রিটিশ বিজ্ঞানীরা খান শেইখৌন শহর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করেছেন। এই নমুনায় সারিন নার্ভ এজেন্ট কিংবা সারিন-এর মত রাসায়নিক পদার্থ পাওয়া গেছে।”
এর আগে তুরস্ক কর্তৃপক্ষও নমুনা পরীক্ষা করে বলেছিল ৪ এপ্রিলের ওই হামলায় যে রাসায়নিক ব্যবহার করা হয়েছিল সেটি সারিন।
সিরিয়ার ইদলিবে বিদ্রোহী-নিয়ন্ত্রিত খান শেইখৌন শহরে ওই হামলায় ৮৯ জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করে।
এরপর গত শুক্রবার ভূমধ্যসাগরে অবস্থানরত দুটি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার হামস প্রদেশের শায়রাত বিমান ঘাঁটিতে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
এই শায়রাত বিমান ঘাঁটি থেকেই খান শেইখৌন শহরে রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের।
