মেলানিয়া ট্রাম্পকে ক্ষতিপূরণ দেবে ডেইলি মেইল
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মডেলিং ক্যারিয়ার নিয়ে মানহানিকর প্রতিবেদনের জন্য তাকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা।
মেলানিয়া ট্রাম্প একসময় এসকর্ট (রক্ষিতা) হয়ে যুক্তরাষ্ট্রে কাজ করেছিলেন অভিযোগে আর্টিকেল ছেপেছিল পত্রিকাটি। তবে পরে তারা এটি প্রত্যাহার করেছে।
যুক্তরাষ্ট্রে গতবছর নির্বাচনের সময় আর্টিকেলটি প্রকাশিত হয়েছিল। এরপর ফেব্রুয়ারিতে পত্রিকাটির মালিকের বিরুদ্ধে ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন মেলানিয়া ট্রাম্প। পত্রিকাটির ওই আর্টিকেলের কারণে মেলানিয়া তার সম্ভাবনাময় ব্যবসায় লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
‘দ্য ডেইলি মেইল’ অবশ্য এর জন্য অনলাইনে ক্ষমাও চেয়েছে। মেলানিয়া ট্রাম্প নিয়ে করা অভিযোগ সত্য নয় বলে স্বীকার করে নিয়ে তারা আর্টিকেলটি প্রত্যাহার করেছে।
বিবিসি'র খবরে বলা হয়, লন্ডনের হাইকোর্টে মেলানিয়া ক্ষতিপূরণ এবং ক্ষমাপ্রর্থনার আবেদন গ্রহণ করেছেন।
তবে ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত তা আদালতের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রত্রিকাটি মেলানিয়াকে ২৯ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও একটি প্রতিবেদনে বলেছে, ক্ষতিপূরণের পরিমাণ ৩০ লাখ মার্কিন ডলারের কম।
এক বিবৃতিতে ডেইলি মেইল এবং মেইল অনলাইনের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা স্বীকার করছি, মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয় এবং আমরা সেগুলো প্রত্যাহার করছি। আমাদের ওই খবর প্রচারের কারণে মেলানিয়াকে যে মর্মপীড়ার মধ্য দিতে যেতে হয়েছে তার জন্য আমরা তার কাছে ক্ষমা চাইছি।”
যুক্তরাষ্ট্রে গতবছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় আর্টিকেল প্রকাশিত হলে মেলানিয়ার আইনজীবীরা এটি নিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দেন।
সেপ্টেম্বরে মেরিল্যান্ডের একটি আদালতে মানহানির মামলা করেন মেলানিয়া। কিন্তু ডেইলি মেইল বিদেশি সংবাদপত্র বলে মেরিল্যান্ডের বিচারক অভিযোগটি আমলে নেওয়ার কোনও কারণ দেখেননি।
পরে নিউ ইয়র্কে ডেইলি মেইল অনলাইনের একটি শাখা থাকায় ফেব্রুয়ারিতে সেখানেই পত্রিকাটির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন মেলানিয়া। যুক্তরাজ্যেও ডেইলি মেইলের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন তিনি।
স্লোভেনিয়ান বংশোদ্ভূত ৪৬ বছর বয়সী মেলানিয়াকে নিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময়ই নানা কথা ওঠে। ওই সময় মেলানিয়ার মডেল জীবনের নগ্ন ছবিসহ নানা কর্মকাণ্ড গণমাধ্যমে উঠে এসেছিল।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল, মেলানিয়া নিউ ইয়র্কে খণ্ডকালীন যৌনসঙ্গী হিসেবে কাজ করতেন এবং সেই কাজের সূত্রেই ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার জানাশোনা হয়ে থাকতে পারে।
