২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি: ট্রাম্পের মুখপাত্র

অ্যাডলফ হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি মন্তব্য করে ফ্যাসাদে পড়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2017, 10:02 AM

Updated : 11 Apr 2022, 11:23 PM

মঙ্গলবার হোয়াইট হাউসে দৈনন্দিন সংবাদ সম্মেলনকালে তিনি এ মন্তব্য করেন।

অথচ ইতিহাস বলে হিটলারের শাসনকালে নাৎসীদের গ্যাস চেম্বারে লাখ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। স্পাইসারের মন্তব্যে ওই ইতিহাস উপেক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

বিরূপ প্রতিক্রিয়ার মুখে পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান স্পেইসার।

ওই দিনের সংবাদ সম্মেলনে তিনি ৪ এপ্রিল সিরিয়ায় হওয়া ‘রাসায়নিক হামলা’ নিয়ে কথা বলছিলেন। ওই হামলায় ৮৭ জন নিহত হয়। হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। 

সংবাদ সম্মেলনে সিরিয়ার সরকারের সঙ্গে রাশিয়ার মিত্রতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্পেইসার বলেন, “আপনারা হিটলারের মতো অধমের কথা জানেন, এমনকি তিনিও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি।”

এ সময় এক সাংবাদিক স্পেইসারকে তার মন্তব্য পরিষ্কার করার জন্য বললে উত্তরে তিনি বলেন, “আমি মনে করি সারিন গ্যাসের কথা বিবেচনা করলে, না, আসাদ যেভাবে নিজের জনগণের ওপর গ্যাসটি ব্যবহার করেছে তিনি তা করেননি।” 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নাৎসী বাহিনী ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল। কনসেনট্রেশন ক্যাম্পের গ্যাস চেম্বারে ইহুদিদের পাশাপাশি অন্যান্যদেরও হত্যা করা হয়েছিল।

পরে ওইদিনই স্পেইসার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, এই তুলনা করা তার উচিত হয়নি।

সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি বলেন, “এটি ভুল ছিল। আমার এটি করা উচিত হয়নি এবং আর কখনো এটি করবো না। তুলনাটি অনুপযুক্ত ও অসংবেদনশীল ছিল।”

ইহুদিদের বাৎসরিক ‘পাসওভার’ পরব চলাকালে স্পেইসারের এ উক্তি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশের কারণ হয়ে দাঁড়ায়। তার বিরুদ্ধে হিটলারের অপরাধ লঘু করে দেখানোর অভিযোগ তোলে কয়েকটি হলোকাস্ট মেমোরিয়াল গোষ্ঠী।

আনা ফ্রাঙ্ক সেন্টার ফর মিচুয়াল রেসপেক্ট এর নির্বাহী পরিচালক স্টিভেন গোল্ডস্টেইন বলেন, “হোয়াইট হাউসের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের নৈতিকতা হারিয়েছেন শন স্পেইসার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত এক্ষুণি তাকে বরখাস্ত করা।” 

হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইমেইলে একটি বিবৃতি পাঠান স্পেইসার, কিন্তু কোনো উত্তর দেওয়ার বদলে ক্ষমা প্রার্থনা করেন তিনি।