‘বন্ধু’ শি কে বৈঠকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তাদের মধ্যকার প্রথম বৈঠকের জন্য স্বাগত জানিয়েছেন।
ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে ডিনারে বসার সময় শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্প তার ‘বন্ধুত্ব গড়ে উঠেছে’ বলে মন্তব্য করেন।
বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শি জিনপিংকে চাপ দেবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ট্রাম্পের কাছ থেকে তাইওয়ানের ব্যাপারে নিশ্চয়তা চাইতে পারেন শি জিনপিং।
গতবছর ডিসেম্বরে বহুদিনের রীতি ভঙ্গ করে ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার কারণে চীন অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল। এবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাইওয়ানে অস্ত্র বিক্রি না করার ব্যাপারে তার কাছ থেকে নিশ্চয়তা চাইতে পারেন শি।
“শি’র সঙ্গে বৈঠকটি খুব কঠিন হবে” বলেই মন্তব্য করেছেন ট্রাম্প। গত বছর তিনি চীনের বিরুদ্ধে আমেরিকাকে ধর্ষণের অভিযোগ করে বলেছিলেন, “চীনা ব্যবসায়ীরা ক্রমশ আমেরিকার বাজার দখল করে নিচ্ছে, যা ধর্ষণের সমতুল্য।”
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারের সময়ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি এবং চীনের ব্যবসার কারণে আমেরিকানদের চাকরি খোয়ানোর বিষয়টি মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছিলেন।
কিন্তু বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভোজসভায় তার সঙ্গে হাসিমুখেই দেখা গেছে ট্রাম্পকে। দুই ভিন্ন ব্যক্তিত্বের নেতা কেমন একে অপরের সঙ্গে কেমন আচরণ করেন সবার নজর এখন সেদিকেই।
ট্রাম্প অবশ্য নির্বাচনী প্রচারাভিযানের সময় চীনের মুদ্রা অবমূল্যায়ন নিয়ে কটাক্ষ করা এবং চীনা পণ্য আমদানির ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের কথা বললেও সে পথে এখনও যাননি। ফলে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প আমেরিকার উৎপাদনকাজে নিয়োজিত শ্রমিকদের জন্য বাস্তবিকই লাভজনক কিছু করতে পারবেন বলে আশা করছে তার সমর্থকরা।
যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হল উত্তর কোরিয়া। দেশটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। বুধবার তারা জাপান সাগরে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
বেইজিং এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এর আগের একটি পরীক্ষার নিন্দা জানালেও উত্তর কেরিয়াকে বিচ্ছিন্ন করেনি। কারণ, এটি করলে শরণার্থী সঙ্কট সৃষ্টি এবং মার্কিন সামরিক বাহিনী দেশের দোরগোড়ায় চলে আসার শঙ্কায় ছিল চীন।
ট্রাম্প অবশ্য এর আগেই বলেছেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে চীন ব্যবস্থা নিতে এগিয়ে না আসলে তিনি একাই পিয়ংইয়ং কে মোকাবেলা করবেন।
হোয়াইট হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পিয়ংইয়ং ট্রাম্প-শি সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
