যুক্তরাজ্যের লাল ফোনবুথ বদলে যাচ্ছে কফিশপ, লাইব্রেরিতে
স্মার্ট ফোনের যুগে যুক্তরাজ্যে রাস্তার পাশের ঐতিহ্যবাহী ফোনবুথগুলোর উপযোগিতা হারাতে থাকায় সেগুলোকে নতুন রূপ দিতে শুরু করেছে ব্রিটিশ টেলিকমিউনিকেশন কোম্পানি।
লাল রঙের টেলিফোনবুথগুলোকে এখন নতুন রূপে কফিশপ কিংবা লাইব্রেরি হিসাবে ব্যবহারের কাজে লাগানো হচ্ছে।
১৯২৪ সালে গিলেস গিলবার্ট স্কটের নকশায় তৈরি করা ফোনবুথগুলো রাজধানী লন্ডনের সড়কগুলোর পাশে থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ে। কাচের জানালা, গম্বুজাকৃতির ছাদ এবং টকটকে লাল রঙয়ের ফোনবুথগুলো বিশ্বজুড়ে ব্রিটিশদের অন্যতম প্রতীকে পরিণত হয়।
ব্রিটেনবাসীকে একসময় গুরুত্বপূর্ণ সেবা দিয়েছে লাল নক্সার পাবলিক টেলিফোন বুথগুলো। কিন্তু সময়ের আবর্তে হাতে হাতে মোবাইল পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে অপ্রচলিত হয়েছে সমস্ত ফোনবুথ।
তারপরও ব্রিটিশদের অন্যতম প্রতীকহিসাবে ৯০ বছরেরও বেশি সময় পর এখনও ফোনবুথগুলো পর্যটকদের আকৃষ্ট করে এবং বুথ ঘিরে সেলফি তুলতেও দেখা যায় লোকজনকে৷
আর তাই যুক্তরাজ্যের টেলিযোগাযোগ কোম্পানি ব্রিটিশ টেলিকম বুথগুলোকে পুনব্যবহারের উপযোগী করে তুলতে ‘অ্যাডপ্ট এ কিয়স্ক’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। তারা জনগণকে মাত্র এক পাউন্ডের বিনিময়ে একটি ফোনবুথ কিনে সেগুলোকে নতুন রূপ দেওয়ার প্রস্তাব দেয়।
লন্ডনবাসীরা যাতে এই প্রকল্প রূপায়ণে এগিয়ে আসেন তার জন্য প্রচারও শুরু করেছে সংস্থাটি। ইচ্ছুক ব্যক্তিরা তা কিনে ইচ্ছামতো কফি শপ কিংবা লাইব্রেরি বানিয়ে বুথগুলো সংরক্ষণ করতে পারেন।
সমুদ্রতীরবর্তী শহর ব্রাইটনে অবস্থিত অবস্থিত এমনই একজোড়া বুথ কিনে নিয়ে সেগুলোকে এখন অন্যকাজে লাগানোর কথা ভাবছেন স্থানীয় এডওয়ার্ড ওটেওয়েল ও স্টিভ বিকেন।
ওটেওয়েল বলেন, “সেগুলো খালি এবং অচল হয়ে পড়েছিল। আমরা ভাবলাম, চমৎকার এই জায়গায় সেগুলোকে সানগ্লাস ও হ্যাট বিক্রির দোকানে পরিণত করা যায়।”
নিজেদের ব্যবসা ছড়িয়ে দিতে তারা ‘রেড কিয়স্ক কোম্পানি’ নামে একটি কোম্পানি দাঁড় করিয়েছে এবং দেশজুড়ে ৫০০ ফোনবুথ অ্যাডপ্ট করার পরিকল্পনা করছে।
তারা লন্ডনের উমর খালিদকে হ্যাম্পস্টেডে হিথে একটি ফোনবুথ অ্যাডপ্ট করতে সাহায্য করেছে। ওই বুথকে ক্যাফে বানিয়েছেন খালিদ, নাম ‘কাপে বারাকো’।
খালিদ বলেন, লোকজন নিয়মিত তার কিয়স্কের ছবি তোলে এবং সেগুলো ফেইসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া হয়। কোথাও কোথাও ফোনবুথকে পাঠাগারও করা হয়েছে।
কোথাও পথচারীদের জন্য বিশ্রামাগার, যেখানে আবার ফোনে চার্জ দেওয়ার এবং গরম পানীয়র ব্যবস্থাও রয়েছে বুথগুলোতে।
